অতিরিক্ত এটর্নি জেনারেল রেজ্জাক খান পদত্যাগ করেছেন
অতিরিক্ত এটর্নি জেনারেল আবদুর রেজ্জাক খান পদত্যাগ করেছেন।
রোববার আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো এক পত্রে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি।
দুপুর ১২টায় ব্যক্তিগত সহকারির মাধ্যমে পদত্যাগপত্র আইন মন্ত্রনালয়ে পাঠিয়ে দেয়ার পর বিকেল তিনটায় আবদুর রেজ্জাক খান নফহবংি২৪.পড়স কে বলেন,“কেউ আমাকে পদত্যাগ করতে বলেনি। আমি ক্লান্ত। ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি।” তিনি বলেন,“বর্তমান সরকারসহ বিভিন্ন সরকারের অধীনে আমি কাজ করেছি। প্রত্যেকের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে।”
২০ বছর ধরে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যুক্ত এবং গত চার বছর সোনালী ব্যাংকের বিশেষ আইন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন উল্লেখ করে রেজ্জাক খান বলেন, “এবার আমি স্বাধীন পেশায় আবার যোগ দেব।”
২০০২ সালের ১৫ জানুয়ারি আবদুর রেজ্জাক খান অতিরিক্ত এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তিনি ১৯৬৪ সালে আইনজীবী তালিকাভূক্ত হন এবং ১৯৬৭ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী ও ১৯৯৯ সালে আপিল বিভাগে আইনজীবী তালিকাভূক্ত হন। এরপর ২০০৩ সালে তিনি সিনিয়র এ্যাডভোকেট হন।
আবদুর রেজ্জাক খান ১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এবং ১৯৯৮-৯৯ সালে ঢাকা বার এসোসিয়েশনের সভাপতি ছিলেন।
উল্লেখ্য গত বছর রেজ্জাক খান একবার পদত্যাগ করলেও তৎকালীন সরকারের অনুরোধে তিনি তা প্রত্যাহার করে নেন। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার গঠন হবার পর আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন তাকে পদত্যাগ না করার জন্য অনুরোধ জানিয়েছিলেন বলে আবদুর রেজ্জাক খান জানান।
এর আগে গত ২৪ জানুয়ারি এটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী পদত্যাগ করেন। অতিরিক্ত এটর্নি জেনালে ফিদা এম কামাল তার স্থলাভিষিক্ত হন।
