পাবনায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ চরমপন্থি নিহত
পাবনার চরাঞ্চলে রোববার ভোরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থি দল ‘শ্রমজীবী মুক্তি আন্দোলন’ এর দুই নেতা নিহত হয়েছে। এ সময় আহত হয় তিন র্যাব সদস্য। ঘটনাস্থল থেকে তিনটি বিদেশি অস্ত্রসহ কয়েকটি গুলি উদ্ধার করা হয়েছে।
নিহত দুই চরমপন্থি হলেন শহীদুল ইসলাম (৩৩) ও নাসির উদ্দিন (২৮)। র্যাবের আহত সদস্যরা হলেন হাবিলদার সাইফুল্লাহ (২৫), নায়েক সাত্তার (২২) ও নায়েক সাখাওয়াত (২৬)।
ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত অস্ত্রগুলো হচ্ছে ৮ রাউন্ড গুলিসহ রাশিয়ার তৈরি একটি একনলা বন্দুক, ৫ রাউন্ড গুলিসহ ইতালির তৈরি নাইন এমএম পিস্তল, মায়ানমারের তৈরি একটি থ্রি নট থ্রি রাইফেল।
র্যাব সূত্র জানায়, চরাঞ্চলে কয়েক ব্যক্তিকে হত্যার উদ্দেশে শ্রমজীবী মুক্তি আন্দোলনের ১৫/২০ জন ক্যাডার কুষ্টিয়ার কুমারখালী থেকে পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামের একটি বাড়িতে আসে। খবর পেয়ে র্যাব রাত তিনটার দিকে সেখানে পৌঁছালে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা জবাব দেয়। প্রায় এক ঘন্টাব্যাপী এই বন্দুকযুদ্ধ চলে।
র্যাব--১২ কমান্ডার ক্যাপ্টেন শফিকুল ইসলাম জানান, নিহতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ ২০/২৫টি করে মামলা রয়েছে।
