২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. শামসুজ্জোহার ৩৮তম মৃত্যুবার্ষিকী রোববার

ছাত্রদের বাঁচাতে সেনাদের পথ আগলে দাঁড়িয়েছিলেন তিনি। নির্দেশ পালনে বাঙালি সৈন্যদের দ্বিধা দেখে পাক ক্যাপ্টেন নিজেই গুলি চালিয়ে হত্যা করেন এ দেশের সূর্যসন্তান ড. শামসুজ্জোহাকে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 06:30 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

শ্রদ্ধা আর ভালবাসায়  রোববার তার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত হতে যাচ্ছে।

১৯৬৯ সালে পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে গণঅভ্যুত্থানের সময় পাকিস্তান সেনার গুলিতে শহীদ হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রসায়ন বিভাগের রিডার ড. শামসুজ্জোহা বলেছিলেন, “যদি গুলিবর্ষণ হয় তাহলে কোন ছাত্রের গায়ে লাগার আগে সেটা আমার গায়ে লাগবে।” ১৯৬৯ সালের ১৮ ফেব্র“য়ারি ভোররাতে সেনা ক্যাপ্টেনের বুলেটের সামনে বুক পেতে দিয়ে সে কথারই প্রমাণ রাখেন তিনি।

১৯৬৯ সালের ফেব্র“য়ারি মাসে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রতিবাদে দেশজুড়ে তুমুল আন্দোলনের সময় ১৭ ফেব্র“য়ারি রাজশাহীতে জারি করা হয় ১৪৪ ধারা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শতশত শিক্ষার্থী ১৪৪ ধারা ভেঙে রাজশাহী কলেজের অধ্যক্ষের বাসভবনের সামনে সমবেত হন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন কয়েকজন ছাত্র। খবর পেয়ে প্রক্টর ড. জোহা ছুটে এসে আহত ছাত্রদের চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় ১৭ ফেব্র“য়ারি সন্ধ্যায় রাবির বাংলা বিভাগের পূর্ব নির্ধারিত আলোচনা সভা রূপান্তরিত হয় প্রতিবাদ সভায়। ড. জোহা সেখানে তার শার্টে আহত ছাত্রদের রক্তের দাগ দেখিয়ে উচ্চারণ করেন, ছাত্রদের পবিত্র রক্তের স্পর্শে আজ আমি উজ্জীবিত।

পরদিন ১৮ ফেব্র“য়ারি ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করতে শহর অভিমুখে যাত্রার সিদ্ধান্ত নেন। ছাত্রদের নিরাপত্তায় উদ্বিগ্ন ড. জোহা ছুটে আসেন ঘটনাস্থলে। ছাত্রদের বাঁচাতে তিনি কথা বলছিলেন পাক বাহিনীর ক্যাপ্টেনের সঙ্গে। এক পযার্য়ে উত্তেজিত ক্যাপ্টেন সঙ্গী সৈন্যদের ড. জোহার ওপর গুলি চালানোর নির্দেশ দেয়। বাঙালি সেনারা আদেশ পালনে দ্বিধা করলে ক্যাপ্টেন নিজেই রিভলবার দিয়ে ড. জোহাকে গুলি করে। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে লুটিয়ে পড়েন ড. জোহা। স্বাধীনতা আন্দোলনে প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. জোহার এই আত্মত্যাগ গণঅভ্যুত্থানকে আরো উত্তাল করে তোলে।

শিক্ষক দিবসের কর্মসূচি:

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন বিস্তারিত কর্মসূচি নিয়েছে। এরমধ্যে রয়েছে, সূর্যোদয়ের সাথে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে কালো পতাকা উত্তোলন; সকাল ৬টা ৪৫ মিনিটে  ড. জোহার মাজার ও জোহা স্মৃতিফলকে পুস্পমাল্য অর্পণ। সকাল ১০টায় সিনেট ভবনে ‘জোহা স্মারক বক্তৃতা’, একই সময় রসায়ন বিভাগে রক্তদান কর্মসূচি ও কোরআনখানি। বেলা সাড়ে ১১টায় অফিসার সমিতি কার্যালয়ে আলোচনা সভা। দুপুর ১২ টায় কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও বাদজোহর জোহার মাজারে বিশেষ মোনাজাত। বাদ আসর শহীদ শামসুজ্জোহা হলে আলোচনা সভা ও মিলাদ মাহফিল।

এ ছাড়া দিবসটি উপলক্ষে ‘শহীদ স্মৃতি সংগ্রহশালা’ সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

এদিকে দিবসটি উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির শহীদ মুনীর চৌধুরী সম্মেলন কক্ষে আলোচনা সভা আয়োজন করে।

ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি খালেকুজ্জামান লিপনের সভাপতিত্বে সভায় আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক তানজিম উদ্দিন খান, বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য সাইফুর রহমান তপন, ছাত্রনেতা নিখিল দাস, জনার্দন দত্ত নান্টু প্রমুখ।