সাবেক সাংসদ শফি চৌধুরীর বাড়ি থেকে ত্রাণের টিন ও বিস্কুট উদ্ধার
সিলেট--২ আসনে বিএনপি দলীয় সাবেক সাংসদ, শিল্পপতি শফি আহমদ চৌধুরীর দক্ষিণ সুরমার দাউদপুরের বাড়ি থেকে ত্রাণের ২০০ বান্ডিলেরও বেশি ঢেউটিন ও ৩২ কৌটা বিস্কুট উদ্ধার করেছে যৌথবাহিনী । ৷
শুক্রবার রাত ১০ টা থেকে অভিযান শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার সন্ধ্যায় শফি আহমদ চৌধুরীর বাড়িতে তল্লাশি চালাচ্ছিল যৌথবাহিনী।
শফি চৌধুরী শুক্রবার বিকেলে এলাকাবাসীর কাছে ঢেউটিন বিতরণ করছেন খবর পেয়ে সাদা পোশাকের পুলিশ তার বাড়ি ঘিরে ফেলে। এ সময় তিনি মোটর সাইকেলে করে পালিয়ে যান বলে জানা গেছে।
যৌথবাহিনী এরপর অভিযান চালিয়ে বাড়ি থেকে ২০০ বান্ডিল ঢেউটিন ও ৩২ কৌটা বিস্কুট উদ্ধার করে। শনিবার বিকেলের দিকে বাড়ির পুকুর থেকে আরো বেশ কয়েক বান্ডিল টিন উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে এর পরিমাণ জানা যায়নি। এছাড়া সরকারি ত্রাণের টিন দিয়ে তৈরি বিশাল বাড়িতে পাওয়া গেছে প্রায় শ--খানেক বিস্কুটের খালি কৌটা।
সেনা সূত্র জানায়, ২০০৪ সালে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ সরকারি টিন দিয়ে শফি আহমদ চৌধুরীর বাড়িতে কয়েকটি গ্যারেজ ও গোয়াল ঘর তৈরি করা হয়েছে।
পুলিশ জানায়, শফি চৌধুরীর গ্রামের মাদ্রাসা--মসজিদের কাছে আরো প্রায় দুইশ বান্ডিল সরকারি ঢেউটিন রয়েছে বলে তারা জানতে পেরেছেন।
দক্ষিণ সুরমা থানার এসআই তারেক বলেন, দাউদপুর ইউপি চেয়ারম্যান দিলদার হোসেন কচির বাড়িতেও আরো কিছু সরকারি টিন শফি চৌধুরী রেখেছেন বলে তাদের কাছে খবর আছে। শফি চৌধুরীর খোঁজে যৌথবাহিনী এলাকায় ব্যাপক তল্লাশি চালাচ্ছে।
