২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনশ’ কোটি টাকায় পরিচয়পত্র করে দিতে পারবে সেনাবাহিনী

সেনাবাহিনী বলছে বছরখানিকের মধ্যে ৩০০ কোটি টাকায় তারা দেশের ভোটার যোগ্য সব নাগরিকের জন্য জাতীয় পরিচয়পত্র করে দিতে পারবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 04:26 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

নির্বাচন সামনে রেখে পুরো প্রকল্পের মধ্যে ভোটার হওয়ার যোগ্য নাগরিকদের পরিচয়পত্র করে দিতে চায় তারা। পর্যায়ক্রমে বাংলাদেশ ভূখণ্ডের সব মানুষেরই পূর্ণাঙ্গ উপাত্ত সম্ভার তৈরি করতে পারবে জাতীয় নিরাপত্তা রক্ষার দায়িত্বপ্রাপ্ত এই বাহিনী।

সেনাবাহিনী শনিবার এ ব্যাপারে উপদেষ্টা পরিষদ ও নির্বাচন কমিশনের কাছে  একটি সুনির্দ্দিষ্ট প্রস্তাব দিয়েছে।

সেনাপ্রধান লে. জেনারেল মইন ইউ আহমেদের উপস্থিতিতে বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সংক্রান্ত একটি বহুমাধ্যমিক প্রতিবেদন উপস্থাপন করেন।

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ছাড়াও ১০ উপদেষ্টা এবং নির্বাচন কমিশনাররা এসময় উপস্থিত ছিলেন।

সরকারী সূত্রগুলো বলছে, শুধু সেনাবাহিনীর পক্ষ থেকেই নয়, এ বিষয়ে দেশের অন্য কোনো বিশেষজ্ঞ পর্যায় থেকে তথ্য উপস্থাপন করা হলে সেটাও পরীক্ষা--নিরীক্ষা করে দেখবে সরকার।

বৈঠকে উপস্থিত একজন সেনাবাহিনীর প্রস্তাবটিকে সুচিন্তিত এবং প্রায়োগিক বলে মন্তব্য করেছেন।