২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ওয়াসার পানি চুরির দায়ে ৭ লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমান আদালত নগরীতে ওয়াসার পানি চুরির ঘটনায় দুই জনকে গ্রেপ্তার এবং সাত লাখ টাকা জরিমানা করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2007, 09:59 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী পরিচালিত আদালত গত দুই দিনে চকবাজারের গণি কলোনিতে অভিযান চালিয়ে প্রায় ১৫ কোটি লিটার পানি চুরির ঘটনা উদঘাটন করে। পরে পানি সংযোগ বিচ্ছিন্ন করে গণি কলোনির মালিক গণি সওদাগরের ছেলে ও ম্যানেজারকে গ্রেপ্তার করার পাশাপাশি আগামী ১৮ ফেব্র“য়ারির মধ্যে সাড়ে ছয় লাখ টাকা জরিমানা ও ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দেয়।

চকবাজার গণি কলোনিতে প্রতিটি চারতলা বিশিষ্ট তিনটি ভবনের একটি বৃহৎ আবাসিক এলাকায় প্রায় সাড়ে ছয় লাখ টাকা বকেয়ার পাশাপাশি ওয়াসার মূল সরবরাহ লাইন থেকে অবৈধভাবে পানি চুরি করা হচ্ছিল বলে জানায় ভ্রাম্যমান আদালত।

ওয়াসার কর্মকর্তাদের হিসেব মতে, গত দেড় বছর যাবত এই কলোনিতে অবৈধ সংযোগের মাধ্যমে ১৪ কোটি ৯৩ লাখ লিটার পানি চুরি করা হয়েছে।

এদিকে একই আদালত মেয়াদোত্তীর্ণ ট্রাক চলাচল বন্ধে অভিযান অব্যাহত রেখেছে। গত তিনদিনে নগরীর বিভিন্ন স্থান থেকে আটক ২৫ থেকে ২৭ বছরের পুরনো তিনটি ট্রাক ভেঙে ফেলা হয়। 

নগরীতে নিরাপত্তা ও দূষণমুক্ত পরিবেশের স্বার্থে এসব ট্রাক আটক ও স্ক্র্যাপ করার এ পদক্ষেপ নেয় ভ্রাম্যমান আদালত। গত ছয় মাসে এ জাতীয় মোট ১৬ টি ট্রাক কেটে ফেলা হয়েছে বলে আদালতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।