ঢাবির জহুরুল হক হলে অবৈধ ছাত্রদের বিরুদ্ধে অভিযান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে বুধবার রাতে হল কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বহিরাগতদের বের করে দিয়েছে। হলের প্রাধ্যক্ষের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের পর বৈধ ছাত্রদের কাছে হলের আসন বুঝিয়ে দেওয়া হয়।
প্রায় দুই প্লাটুন পুলিশ এই অভিযানে অংশ নেয়।
সূত্র জানায়, প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাহিদুল ইসলাম হলের আবাসিক শিক্ষকদের সঙ্গে নিয়ে বুধবার রাত ১১ টা থেকে শুরু করে রাত দেড়টা পর্যন্ত এ অভিযান চালান। এ সময় অবৈধ ছাত্রদের কবল থেকে হলের বিভিন্ন কক্ষ উদ্ধার করে বৈধ ছাত্রদের তুলে দেওয়া হয়। তবে অভিযানের সময় কোন অবৈধ ছাত্রকে গ্রেপ্তার করা হয়নি।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাহিদুল ইসলাম নফহবংি২৪.পড়স কে বলেন, “এর আগে রাজনৈতিক চাপসহ বিভিন্ন কারণে বৈধ বরাদ্দপ্রাপ্তদের তাদের কক্ষে তুলে দেওয়া সম্ভব হয়নি। এছাড়া কেউ কেউ নিজের বরাদ্দপ্রাপ্ত কক্ষ ছেড়ে অন্য কক্ষে বসবাস করছিল। বুধবারের অভিযানে এসব ছাত্রদের তাদের নিজ নিজ কক্ষে তুলে দেওয়া হয়েছে।”
