২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিওআইপি উন্মুক্তকরণ সংক্রান্ত সুপারিশমালা নির্ধারিত সময়ে আসছে না

অন্তর্বর্তী ব্যবস্থায় ভিওআইপি উন্মুক্তকরণ প্রক্রিয়া নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় নিয়োজিত বিশেষজ্ঞ কমিটির সুপারিশমালা জমা দেওয়া পিছিয়ে যেতে পারে। ১৯ ফেব্র“য়ারি (রোববার) এ সুপারিশমালা জমা দেওয়ার কথা ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 05:50 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

কতজনকে লাইসেন্স দেওয়া হবে এবং কীভাবে বৈদেশিক কল পর্যবেক্ষণ করা হবে তা নিয়ে কমিটি একমত হতে পারে নি কমিটি। মূলত এ কারণেই রোববারের মধ্যে সুপারিশপত্র তৈরি করার সম্ভবনা কম এবং সেক্ষেত্রে কমিটি মন্ত্রণালয়ের কাছে বাড়তি কয়েকদিন সময়ের জন্য আবেদন জানাতে পারে বলে জানিয়েছেন নামপ্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ টেলিফোন ও টেলিগ্রাফ বোর্ডের (বিটিটিবি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

এদিকে নাম না প্রকাশ করার শর্তে বাংলাদেশ টেলিফোন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) অপর এক কর্মকর্তা এর আগে নফহবংি২৪.পড়স জানান, ‘কমন প্লাটফর্ম’ তৈরির আগ পর্যন্ত প্রত্যেক লাইসেন্সধারীকে ভিওআইপি সংযোগ দেওয়া হবে। আর বিটিটিবির উচিত প্রত্যেকটি কল পর্যবেক্ষণ করা।  

বিটিআরসির হিসেব অনুযায়ী লাইসেন্সধারীর সংখ্যা ৫৫।

তবে বিটিটিবির ওই সূত্র জানান, ‘কমন প্লাটফর্ম’ তৈরির আগ পর্যন্ত এদের সবাইকেই লাইসেন্স দেওয়া হলে সুষ্ঠু পর্যবেক্ষণের অভাবে ভিওআইপি বাণিজ্য র‌্যাবের অভিযান শুরুর আগ মুহূর্তের মতোই রমরমা হয়ে উঠবে। সেক্ষেত্রে ‘কমন প্ল্যাটফর্ম’ তৈরি হলেও এদের সবাইকে একই প্ল্যাটফর্মে আনা সম্ভব নাও হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

বিটিআরসির নিয়ম অনুযায়ী ভিওআইপির লাইসেন্স দেওয়া সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনার জন্য গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী ফিক্সড ফোন, মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) প্রতিষ্ঠানগুলো ভিওআইপি লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে।

ইন্টারনেটের সাহায্যে বিদেশে ফোন করার সাশ্রয়ী ও জনপ্রিয় এই প্রযুক্তিটিকে সহজলভ্য করার জন্য আইসিটি টাস্কফোর্সের একটি সুপারিশ ২০০৩ সালের ১০ নভেম্বর মন্ত্রিসভা অনুমোদন করে।  এরপর সরকার ভিওআইপি প্রযুক্তি উন্মুক্ত করে রাজস্ব আদায় নিশ্চিত করার জন্য ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বগুড়ায় চারটি ‘কমন প্ল্যাটফর্ম’ তৈরির বিষয়টি অনুমোদনও দেয়। কিন্তু প্রস্তাবটিতে ব্যাপক অনিয়ম থাকার কারণে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তা বাতিল করা হয়। জানা গেছে, তৃতীয় পর্যায়ে আহ্বান করা দরপত্রগুলো বর্তমানে প্রযুক্তিগত মূল্যায়ণ পর্যায়ে এসে আটকে রয়েছে।

উল্লে¬খ্য, বিটিআরসির পক্ষ থেকে মোবাইল ফোন অপারেটর, পিএসটিএন বা ল্যান্ড ফোন অপারেটর ও আইএসপি অপারেটরদের জন্য আলাদা আলাদা তিন রকমের ভিওআইপি লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

মোবাইল ফোন অপারেটরদের জন্য নাম অন্তর্ভুক্তি ফি নির্ধারণ করা হয় ১০ কোটি টাকা এবং বার্ষিক লাইসেন্স ফি দুই কোটি টাকা। এ শর্ত মেনে নিয়ে সর্বশেষ লাইসেন্সপ্রাপ্ত ওয়ারিদসহ ছয়টি মোবাইল অপারেটরই ভিওআইপি লাইসেন্সের জন্য আবেদন করেছে।

পিএসটিএন অপারেটরদের জন্য নাম অন্তর্ভুক্তি ফি এক কোটি টাকা এবং বার্ষিক লাইসেন্স ফি ২০ লাখ টাকা ধার্য করা হয়েছে। এ বিভাগে বিটিটিবি ছাড়া ১৭টি বেসরকারি পিএসটিএন অপারেটরের মধ্যে ১৩টি লাইসেন্সের জন্য আবেদন করেছে।

আইএসপির ক্ষেত্রে নাম অন্তর্ভুক্তি ফি নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ টাকা এবং বার্ষিক লাইসেন্স ফি সাত লাখ টাকা। এ বিভাগে এখন পর্যন্ত আবেদনপত্র পড়েছে ৩৬টি।