২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি

পুনর্গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে অবিলম্বে দেশে নির্বাচনের তারিখ ঘোষণাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 09:43 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বনানীর হাওয়া ভবনে দলের সর্বোচ্চ নীতি--নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ দাবি জানানো হয়।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, এম সাইফুর রহমান, খন্দকার দেলোয়ার হোসেন, আবদুল মতিন চৌধুরী, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আর এ গনি, অ্যাডভোকেট মাহবুুবউদ্দিন আহমাদ, এম শামসুল ইসলাম এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

স্থায়ী কমিটির অপর দুই সদস্য কে এম ওবায়দুর রহমান অসুস্থ থাকায় এবং চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী তার ছেলের অসুস্থতার কারণে বৈঠকে যোগ দিতে পারেননি বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, দেশের বিরাজমান পরিস্থিতি এবং দলীয় অবস্থান নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া দলের নেতা--কর্মীদের আটক করাকে ‘অযৌক্তিক’ অভিহিত করে অবিলম্বে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

এ ছাড়া, বৈঠকে বস্তি উচ্ছেদ, দরিদ্র হকারদের কর্মহীন এবং বৈধ স্থাপনা থেকে লোকজনকে উচ্ছেদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাদের পুনর্বাসনের দাবি জানানো হয়।

একইসঙ্গে রাজনৈতিক দল ও নেতা--কর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার ও গল্পকাহিনী প্রচারের নিন্দা জানানো হয়। সেইসঙ্গে এসব প্রচারণায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিচার প্রক্রিয়া প্রভাবিত হবে না বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।

স্থায়ী কমিটির বৈঠকে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং আইন -- শৃংখলা পরিস্থিতির উন্নয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।