২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ে রেলওয়ের অভিযানে প্রায় ১০০ কোটি টাকার জমি উদ্ধার

রাজধানীর কারওয়ান বাজার থেকে তেজগাঁও রেলস্টেশন পর্যন্ত বুধবার রেলওয়ে কর্তৃপক্ষ অভিযান চালিয়ে প্রায় একশ’ কোটি টাকা মূল্যের পাঁচ একর (১৫ বিঘা) জমি দখলমুক্ত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 08:59 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

এ ছাড়া একই সময়ে দুটি দোতলা মার্কেট এবং প্রায় ৫০টি আধাপাকা দোকান সহ তিনশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল এস্টেট অফিসার দেলোয়ার হোসেনের নেতৃত্বে সেনা বাহিনী, র্যাব, পুলিশ, জিআরপি পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই শতাধিক সদস্য সকাল ১১ টা থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত একটানা এই অভিযান চালায়।        

অভিযানের শুরুতেই কারওয়ান বাজার এফডিসি রেলগেটে অবৈধভাবে গড়ে তোলা মৎস্য মার্কেটের একটি দোতলা ভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এর পাশেই একটি আধাপাকা টিনশেড মার্কেটের ২০ টি দোকানও ভেঙ্গে দেওয়া হয়।

পরে তেজগাঁও খেলাঘরের পাশে দীর্ঘদিন থেকে দখলে থাকা রেলওয়ের চার একরের একটি (১২ বিঘা) জমি দখলমুক্ত করা হয়।

রেলওয়ে কর্মকর্তারা জানান, মৃত মো. আলাউদ্দিন নামে এক ব্যক্তির পক্ষে তার স্ত্রী  রওশন আরা বেগম এই জমিটি দীর্ঘদিন থেকে জবরদখল করে রেখেছিলেন। রওশন আরা তার স্বামীর নামে ওই জমির উপর একটি প্রাথমিক বিদ্যালয়সহ অর্ধশতাধিক আধাপাকা স্থাপনা গড়ে তুলেছিলেন। এর আগে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার ফলে বেশ কয়েকবার চেষ্টা চালিয়েও জমিটি দখলমুক্ত করা সম্ভব হয়নি।

এরপর পাশেই ‘সাহারা হাউজিং’ নামে একটি প্রতিষ্ঠানের দখলে থাকা এক একরের (তিন বিঘা) অপর একটি জমি দখলমুক্ত করা হয়। প্রতিষ্ঠানটি ভূয়া কাগজপত্র তৈরি করে দীর্ঘদিন থেকে জমিটি দখল করে রেখেছিল বলে রেলওয়ে কর্মকর্তারা জানান। তারা আদালতে তিনটি মামলা দায়ের করলেও রেলওয়ে কর্তৃপক্ষ মামলায় জয়ী হয়।

জমিটির উপর তৈরি করা একটি দোতলা ভবনসহ বেশ কয়েকটি আধাপাকা স্থাপনা অভিযানের সময় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় সাহারা হাউজিংয়ের  কর্মকর্তা--কর্মচারিরা রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়লে মৃদ উত্তেজনা দেখা দেয়। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাধার মুখে ডেভেলপার প্রতিষ্ঠানটির কর্মচারিরা সরে যায়।     

দুপুরের পর তেজগাঁ রেল স্টেশনের পাশে রেলওয়ের জায়গায় গড়ে তোলা একটি দোতলা মার্কেট ভেঙ্গে ফেলা হয়। সেখানে সেলুন, বেকারী এবং মুদিখানাসহ বিভিন্ন প্রকারের কমপক্ষে ২৫ টি দোকান গড়ে তোলা হয়েছিল। এর পাশেই অবৈধভাবে গড়ে তোলা একটি চারতলা বাড়ির অংশ বিশেষ গুঁড়িয়ে দেওয়া হয়। বাড়ির মালিক আগামী দুই দিনের মধ্যে নিজেই বাদবাকি অংশ ভেঙ্গে ফেলবেন বলে লিখিত মুচলেকা দিয়েছেন বলে রেলওয়ের কর্মকর্তারা জানান। 

এছাড়া অভিযানকারী দল এফডিসি রেলগেট থেকে তেজগাঁও রেলস্টেশন পর্যন্ত রেললাইনের দুপাশে অবৈধভাবে গড়ে তোলা প্রায় দুইশ’ আধাপাকা ও কাঁচা স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে।    

অভিযানে নেতৃত্ব দেওয়া দেলোয়ার হোসেন নফহবংি২৪.পড়স -- কে জানান, প্রতি কাঠা ৩৫ লাখ টাকা হিসেবে উদ্ধার করা মোট ৩০০ কাঠা (১৫ বিঘা) জমির মূল্য ১০৫ কোটি টাকা।

এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বুধবার নগরীর মেরুল বাড্ডা এলাকায় রাজউকের মালিকানাধীন প্লট দখলমুক্ত করার জন্য অভিযান চালায়। কিন্তু উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার কারণে তারা উলে¬খযোগ্য কোন স্থাপনা উচ্ছেদ করতে পারেনি। অভিযান চলাকালে শুধুমাত্র ১০ টির মতো আধাপাকা দোকানের সামনের অংশ ভেঙ্গে দেওয়া হয়।

রাজউকের ম্যাজিস্ট্রেট আসম ইমদাদুদ দস্তগীর নফহবংি২৪.পড়স কে বলেন, “প্লটগুলোর উপর কমপক্ষে ৫০ টি মামলা রয়েছে। এ কারণে আমরা ফিরে এসেছি। এছাড়া স্থানীয় সেনা ক্যাম্প থেকেও প্লটগুলোতে আপাতত উচ্ছেদ অভিযান না চালানোর জন্য অনুরোধ করা হয়েছে।”