২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দায়ে সাজা পেলে আর নির্বাচন করা যাবে না

দুর্নীতিবাজ রাজনীতিবিদদের ক্ষমতার কেন্দ্র থেকে দূরে রাখতে কঠোর আইন করলো তত্ত্বাবধায়ক সরকার। এ আইনের বলে দুর্নীতি প্রমাণিত হলে সংসদ নির্বাচনসহ দেশের কোনো নির্বাচনেই আর অংশ নেওয়া যাবে না। বিচার আদালত দুর্নীতির দায়ে কোনো দণ্ড দিলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উচ্চতর আদালত ওই দণ্ড স্থগিত করতে পারবে না অথবা জামিনও দিতে পারবে না। দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির সম্পত্তির উপর দেওয়া জব্দ বা বাজেয়াপ্তের আদেশ বাতিল করতে পারবেন না আদালত। ৯০ দিনের মধ্যে আপিল আবেদন নিষ্পত্তি করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 05:13 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

এ আইনের অধীনে কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে ৭২ ঘন্টার মধ্যে অভিযুক্তকে কর্তৃপক্ষের কাছে হাজির হয়ে নিজের নির্দোষিতা প্রমান করতে হবে। তা না করা হলে অভিযুক্তের সম্পত্তি ক্রোক করা যাবে।

মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসব বিধান রেখে জরুরি ক্ষমতা অধ্যাদেশ ২০০৭ সংশোধন করা হয়।

আইন মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে বুধরার আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সংশোধনের বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ সংক্রান্ত একটি বিধিমালা দ্রুত কার্যকর করা হবে।”

১১ জানুয়ারি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ জরুরি অবস্থা জারি করার পর ২৫ জানুয়ারি এ সংক্রান্ত বিধিমালা জারি করা হয়েছিল।

এই বিধিমালার অধীনে সাজাপ্রাপ্ত ব্যক্তি সরকারী, আধা-সরকারী, সংবিধিবদ্ধ সংস্থা বা সরকারের সংশ্লিষ্টতা আছে এমন কোন প্রতিষ্ঠানে কোনভাবে যোগদানের অযোগ্য বলে বিবেচিত হবেন।

দুর্নীতি সম্পর্কে অপরাধের অভিযোগে কোন ব্যক্তির বিরুদ্ধে সাজা দেওয়া হলে সাজাপ্রাপ্ত ব্যক্তি এর বিরুদ্ধে আপিল করতে পারবেন। তবে আদালতে আপিল চলাকালে আপিল আদালত সাজাপ্রাপ্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া বা নিু আদালতের রায়ের কার্যকারিতা স্থগিত করতে পারবে না। সংশোধনীতে বলা হয়েছে, এই বিধিমালার অধীনে দায়েরকৃত মামলায় কোন ব্যক্তির সাজা হওয়ার পর ওই রায়ের বিরুদ্ধে আপিল হলেও তিনি জাতীয় সংসদসহ যেকোন স্থানীয় শাসন সংক্রান্ত নির্বাচনে অংশ নিতে পারবেন না।

আপিল চুড়ান্তভাবে নিস্পত্তি না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তির নামে বা তার পক্ষে অন্য কোন ব্যক্তির কাছে রক্ষিত আছে এমন নগদ অর্থ, নবায়ন যোগ্য বন্ড, নিরাপত্তা সার্টিফিকেট, শেয়ার সার্টিফিকেটসহ যেকোন সার্টিফিকেট বা অনুরূপ কোন দ্রব্য অথবা স্থাবর--অস্থাবর সম্পত্তির উপর বাজেয়াপ্তকরণ আদেশ বহাল থাকবে।

আইন--শৃঙ্খলা রক্ষা বাহিনী বা কোন তদন্ত কর্মকর্তা কোন তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় তদন্ত চালানোর পর যদি এই মর্মে নিশ্চিত হয় কোন ব্যক্তি বা তার পক্ষে অন্য কোন ব্যক্তি বৈধ উৎসের সাথে অসংগতিপূর্ণ সম্পত্তি দখলে রেখেছেন বা মালিকানা অর্জন করেছেন, তবে ঐ কর্মকর্তা লিখিত আদেশ দিয়ে ঐ ব্যক্তিকে তার দখলে বা মালিকানায় থাকা সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণসহ প্রয়োজনীয় অন্যান্য বিবরণ দাখিলের নির্দেশ দিতে পারবে। এ ধরনের কোন নির্দেশ দেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তি উক্ত তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে।

মিথ্যা তথ্য দিলে অভিযুক্তকে ৩ থেকে ৫ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় সাজাই দেওয়া যাবে। এছাড়া ঐ ব্যক্তির স্থাবর--অস্থাবর সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করবে।

মামলা দায়েরের পর প্রাথমিকভাবে ৩০ দিনের মধ্যে বা তা সম্ভব না হলে আরও ১৫ দিনের মধ্যে অর্থাৎ সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে অভিযোগপত্র দাখিল করতে হবে।

এর আগে সোমবার দুর্নীতিবাজ এবং অপরাধীরা যাতে এই ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছিলেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।

জরুরি ক্ষমতা অধ্যাদেশ, ২০০৭ (২০০৭ সনের ১ নম্বর অধ্যাদেশ) এর ধারা--৩ এ প্রদত্ত ক্ষমতা বলে সরকার জরুরি ক্ষমতা বিমালা ২০০৭ এর সংশোধন করলো।