শিশুর মৃত্যুকে কেন্দ্র করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভাংচুর
সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নিউমোনিয়ায় আক্রান্ত এক শিশুর মৃত্যুকে বুধবার দুপুরে হাসপাতাল ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় শিশুটির ক্ষুব্ধ আত্মীয়--স্বজনরা শিশু চিকিৎসক ডা. কামরুল পারভেজ লাঞ্ছিত করে। পরে সেনাবাহিনী ও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এসময় মোতালেব নামে একজনকে আটক করা হয়।
হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার কবিরউদ্দিন ও তার স্ত্রী শাহানা বেগম তাদের একদিন বয়সী ছেলেকে নিউমোনিয়ায় আক্রান্ত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করেন।
শিশুর মা-- বাবা অভিযোগ করেন, শিশু বিশেষজ্ঞ ডা. কামরুল পারভেজ সময়মতো তাদের ছেলের চিকিৎসা না করায় ওইদিন রাতেই সে মারা যায়। শিশুটির মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ আত্মীয়স্বজন শিশু ওয়ার্ডের জানালা ও দরজা ভাংচুর করে এবং ডা. পারভেজকে লাঞ্ছিত করে। সেনাবাহিনী ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সেনাবাহিনীর কর্মকর্তাসহ সিভিল সার্জন হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের ডাক্তারদের সঙ্গে জরুরি বৈঠক করেন।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, ডা. পারভেজের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।
