সালাহউদ্দিন আহমেদ অতিরিক্ত এটর্নি জেনারেল নিযুক্ত
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সালাহউদ্দিন আহমেদকে মঙ্গলবার অতিরিক্ত এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ এ নিয়োগ দেন।
সালাহউদ্দিন আহমেদ ১৯৬৯ সালে লন্ডন স্কুল অব ইকনমিক্স থেকে অর্থনীতিতে বিএসসি (সম্মান) এবং ১৯৭০ সালে একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
১৯৭৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।
১৯৭১ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক ছিলেন।
তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন ১৯৮০ সালে। ১৯৮৩ সালে তিনি হাইকোর্টে এবং পরে আপিল বিভাগে তালিকাভুক্ত হন।
তিনি ড. কামাল এন্ড অ্যাসোসিয়েটস এর সাথে যুক্ত আছেন।
