২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের মানুষ পুরোনো রাজনীতিতে ফিরতে চায় না: বিউটেনিস

আমেরিকার রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া বিউটেনিস শেখ হাসিনার সঙ্গে দেখা করে বলেছেন,বাংলাদেশের মানুষ আর পুরোনো রাজনীতিতে ফিরে যেতে চায় না।এদেশের জনগণ একটা পরিবর্তন চায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 09:42 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

রাষ্ট্রদূত বিউটেনিস মঙ্গলবার বিকালে সুধা সদনের শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন। আমেরিকার রাষ্ট্রদূত প্রায় সোয়া একঘন্টা সেখানে ছিলেন।

সুধা সদন থেকে বের হওয়ার সময় বিউটেনিস অপেক্ষমান সাংবাদিকদের জানান,বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জানাতে এবং ছুটি কাটাতে চলতি মাসের শেষে তিনি ওয়াশিংটন যাচ্ছেন।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে শেখ হাসিনা ও তাঁর দলের অবস্থান জানতেই তিনি সুধা সদনে এসেছিলেন বলে বিউটেনিস জানান।

সম্প্রতি গ্রেপ্তার হওয়া রাজনৈতিক নেতাদের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে বিউটেনিস আশা প্রকাশ করেন যে, গ্রেপ্তারকৃত নেতারা সুবিচার পাবেন।

নির্বাচন প্রসঙ্গে আমেরিকার রাষ্ট্রদূত বলেন,“আগে হোক , পরে হোক, একটা নির্বাচিত সরকারেরই রাষ্ট্র পরিচালনা করা ভালো।”

তিনি বলেন,“তত্ত্বাবধায়ক সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলোর প্রতি জনসমর্থন রয়েছে।তাদের কিছু কিছু এজেন্ডা রয়েছে, যেগুলো খুবই ভালো। কিছু দীর্ঘমেয়াদী এজেন্ডাও আছে তাদের।”

বিউটেনিস বলেন,“খোলামেলাভাবে বললে, এই মুহূর্তে জনগণ আগের  রাজনীতিতে ফিরে যেতে চায় না।তারা পরিবর্তন চায়।রাজনৈতিক দলগুলোর উচিত তাদের নিজেদের পরিবর্তন করা।লক্ষ্য রাখতে হবে এই পরিবর্তনে যেনো জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে।”

পরে শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের  বলেন,“আমরা পরিবর্তন সমর্থন করি।আমাদের চিন্তাতেও আছে কীভাবে দলকে আধুনিক করা যায়।আমরা নিজেদের তাগিদেই পরিবর্তন করবো।”

তিনি বলেন, “নির্বাচন কমিশন সংস্কার হয়ে গেছে।এখন নির্বাচন কমিশন দ্রুততম সময়ে নির্বাচনের পদক্ষেপ নেবে আমরা তাই আশা করছি।”

শেখ হাসিনার সঙ্গে বিউটেনিসের এই বৈঠকে আরো উপস্থিত ছিলেন, কাজী জাফরউল্যাহ ও সৈয়দ আবুল হোসেন।