মির্জা আব্বাসের দখলে থাকা রেলওয়ের ৫০ কোটি টাকার জমি উদ্ধার
রাজধানীর শাহজাহানপুরে অভিযান চালিয়ে মঙ্গলবার সাবেক গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের দখলে থাকা প্রায় দশ বিঘা জমি দখলমুক্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ ছাড়া রেলওয়ে কলোনির ভেতরে অবৈধভাবে গড়ে তোলা দেড় শতাধিক আধাপাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
উদ্ধার করা জমির দাম ৫০ কোটি টাকার ওপরে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা।
ওই জমিতে গাড়ির গ্যারেজ, মটরপার্টস ও আসবাবপত্রের শো-- রুম গড়ে তোলা হয়েছিল। মির্জা আব্বাসের ভাই ৩৪ নং ওয়ার্ড কমিশনার মির্জা খোকন এবং সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুর ভাই আলফাজ, চাচাতো ভাই শাহাবুদ্দিন, রশীদ ও বাবুল এবং ভাতিজা নাসির ও খোকনের নেতৃত্বে একটি গ্র“প শাহজাহানপুর গ্যারেজ মার্কেট নামে পরিচিত এই মার্কেটের দোকানগুলো থেকে নিয়মিত ভাড়া আদায় করতো বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল স্টেট অফিসার দেলোয়ার হোসেনের নেতৃত্বে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, জিআরপি এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই শতাধিক সদস্য এই অভিযানে অংশ নেয়।
সকাল সাড়ে আটটায় অভিযানের শুরুতেই মির্জা আব্বাসের বাড়ির পাশে রেলওয়ে স্টাফ কোয়ার্টার সংলগ্ন প্রায় ১০ বিঘা জমির ওপর গড়ে তোলা গ্যারেজ, মটর পার্টসের দোকান এবং আসবাবপত্রের শো--রুমগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
ডিভিশনাল স্টেট অফিসার দেলোয়ার হোসেন নফহবংি২৪.পড়স কে জানান, প্রতি কাঠা ২৫ লাখ টাকার হিসেবে উদ্ধার করা প্রায় ১০ বিঘা (২০০ কাঠা) জমির মূল্য দাঁড়ায় কমপক্ষে ৫০ কোটি টাকা।
তিনি জানান, তবে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার ফলে ওই জমির উপর গড়ে তোলা আব্দুর রশীদের মালিকানাধীন একটি বড় আকারের গ্যারেজ উচ্ছেদ করা সম্ভব হয়নি। প্রায় এক বিঘা জমি দখল করে গ্যারেজটি গড়ে তোলা হয়েছে।
মির্জা আব্বাসের দখলে থাকা স্থাপনা উচ্ছেদ শেষে পাশেই রেলওয়ে কলোনির ভেতরে অভিযান চালানো হয়। অভিযানকারী দল কলোনীর ভেতরে অবৈধভাবে গড়ে তোলা বস্তি ও আধাপাকা ঘরসহ কমপক্ষে দেড়শ’ স্থাপনা গুঁড়িয়ে দেয়। এর মধ্যে সানরাইজ স্পোর্টিং ক্লাব এবং ফ্রেন্ডস সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে দুটি সামাজিক সংগঠনের স্থাপনা রয়েছে।
ফ্রেন্ডস সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আখতার হোসাইন অভিযোগ করেছেন, প্রায় ৩০ বছর আগে স্থাপিত এই সংগঠনটির সমাজকল্যাণ মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশন রয়েছে। কিন্তু উচ্ছেদের আগে তাদের কোন প্রকার আগাম নোটিশ দেওয়া হয়নি। তাছাড়া অভিযান চলাকালে অনুরোধ জানানো সত্ত্বেও তাদের মালামাল সরিয়ে নেওয়ার সময় দেওয়া হয়নি। ফ্রিজ, টেলিভিশন ও ফ্যানসহ তাদের প্রায় পাঁচ লাখ টাকার মালামাল গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
তবে কলোনির ভেতর অননুমোদিতভাবে গড়ে তোলা রেলওয়ে কর্মচারী সমিতি, রেলওয়ে সমাজকল্যাণ পরিষদ, রেলওয়ে বৈদ্যুতিক কর্মচারী পরিষদ এবং কারিগরি পরিষদসহ রেলওয়ের কমপক্ষে ১০ টি সংগঠনের কার্যালয় এবং এর আশেপাশে রেলওয়ে কর্মচারীদের মালিকানাধীন প্রায় ৫০ টি দোকান ভাঙ্গা হয়নি বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। এছাড়া কলোনির ভেতর পানির ট্যাংকের পেছনে রেলওয়ে কর্মকর্তা--কর্মচারীদের গড়ে তোলা গরুর খামারসহ বেশ কিছু আধাপাকা ও কাঁচা স্থাপনাও অভিযানের বাইরে থেকে গেছে।
রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) ইউসুফ আলী মৃধা নফহবংি২৪.পড়স কে বলেন, এসব স্থাপনার সঙ্গে রেলওয়ের কর্মচারীদের কল্যাণের বিষয়টি জড়িত। তবে গরুর খামারসহ অন্যান্য ব্যাক্তিগত মালিকানাধীন স্থাপনা আগামী অভিযানের সময় ভেঙ্গে দেওয়া হবে।
এদিকে মঙ্গলবার দিনভর উত্তরার তিন ও ছয় নাম্বার সেক্টরে অভিযান চালিয়ে প্রায় ৪০ কোটি টাকা দামের তিন বিঘা জমি দখলমুক্ত এবং কমপক্ষে শতাধিক অবৈধ স্থাপনার অংশ বিশেষ গুড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের ম্যাজিস্ট্রেট আ স ম ইমদাদুদ দস্তগীর এবং নির্বাহী প্রকৌশলী দিদারুল ইসলাম শামীমের নেতৃত্বে সেনা বাহিনী ও পুলিশসহ নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য এ অভিযানে অংশ নেয়।
অভিযানে তিন নাম্বার সেক্টরের তিনটি প্লটে রাজউকের মালিকানাধীন প্রায় এক বিঘা জমি উদ্ধার করা হয়। এছাড়া ছয় নাম্বার সেক্টরে প্রায় ৬০ টি আধাপাকা দোকান, ছয় নং সড়কের ঈশা খাঁ সড়কে একটি বহুতল ভবনের বেজমেন্টে অবৈধভাবে গড়ে তোলা গার্মেন্টস কারখানা এবং কয়েকটি দোকান ভেঙ্গে দেওয়া হয়।
এছাড়া রাজউক অনুমোদনবিহিন নকশার বেশ কয়েকটি বহুতল ভবন চিহ্নিত করেছে। এগুলো হলো আমিন কমপ্লেক্স, লতীফ ম্যানশন, কুশল সেন্টার, কিন্নরী রেস্টুরেন্ট, বেইলী কমপ্লেক্স, লন্ডন প্লাজা এবং এবি প্লাজা। এর মধ্যে একই মালিকানাধীন আমিন কমপ্লেক্স ও এবি কমপ্লেক্স রাজউকের কোন নকশা ছাড়াই গড়ে তোলা হয়েছে বলে কর্মকর্তারা জানান।
