সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে রাজনৈতিক দলকে হল ভাড়ার অনুমতি দেওয়া হবে না
জরুরি অবস্থা চলাকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে রাজনৈতিক দলগুলোকে হল ভাড়া করার অনুমতি দেওয়া হবে না। তবে ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে অনুমতি দেয়া হবে। আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির তৃতীয় বৈঠকে বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠক শেষে আইন উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে ছিল চলমান বস্তি ও হকার উচ্ছেদ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার অভিযান।
বস্তি উচ্ছেদ প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “এতে দরিদ্র ব্যক্তিরা গৃহহীন হচ্ছে, এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি রাখতে হবে।” তিনি জানান, উচ্ছেদের পাশাপাশি সরকারি জমিতে অবৈধভাবে বস্তি স্থাপনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া উদ্ধারকৃত সরকারি জমিতে দরিদ্র গৃহহীনদের জন্য আবাসন ব্যবস্থা করার বিষয়টি খতিয়ে দেখা হবে।
ব্যারিস্টার মইনুল আরও বলেন, “উচ্ছেদকৃত হকারদের প্রতিদিন ব্যবসা করার সুযোগ দেয়ার বিষয়টি বিবেচনায় রেখে পুলিশ ও এলজিআরডি মন্ত্রণালয়কে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।”
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “সাম্প্রতিক ধর-পাকড়ের কারণে এখন দেশের জেলাখানাগুলোতে কয়েদীদের সংখ্যা ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি। ঢাকা জেলখানাতেই ১২ হাজারের জায়গায় বর্তমানে কয়েদী সংখ্যা ২৭/২৮ হাজার। এর মধ্যে ছোট-খাট অপরাধ ও সন্দেহজনক--- ৫৪ ধারায় গ্রেপ্তারকৃতদের সংখ্যা অনেক। এদের মামলাগুলো দ্রুত পর্যালোচনা করে ধাপে ধাপে তাদের ছেড়ে দেওয়া হবে।” এছাড়া ৫৪ ধারায় গ্রেপ্তারের ব্যাপারে নিরাপত্তা বাহিনীকে নিরুৎসাহিত করা হয়েছে বলেও জানান তিনি।
