২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে সার সংকট, কৃষকরা ফিরে যাচ্ছেন শূন্য হাতে

কুড়িগ্রাম জেলায় ইউরিয়া সারের তীব্র সংকট অব্যাহত রয়েছে। সারের দাবিতে শত শত কৃষক বুধবার সকালে প্রবল বৃষ্টির মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নেয়। প্রায় এক ঘন্টা অবস্থানের পর এনডিসি সার দেওয়ার আশ্বাস দিলে কৃষকরা ফিরে যায়।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 10:19 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

বুধবার কুড়িগ্রাম সদর উপজেলা ছিল সার শূন্য। ১২ জন ডিলারের মধ্যে ১১ জন ডিলারের ঘরে কোন সার ছিল না। শুধুমাত্র নতুন রেলওয়ে স্টেশন এলাকায় আব্দুল হাই রঞ্জু নামের একজন ডিলার ৬৫০ বস্তা সার বিক্রি শুরু করলে প্রবল বৃষ্টি উপেক্ষা করে কমপক্ষে ৪ হাজার কৃষক সার নেওয়ার জন্য ৮টি লাইনে দাঁড়ায়। কিন্তু এক বস্তা করে ৬৫০ জনকে সার দেওয়া হলেও বাকী কৃষকরা শূন্য হাতে ফিরে যেতে বাধ্য হয়।

সদর উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, এখানে চলতি ফেব্র“য়ারি মাসে ১ হাজার ৮৮৮ মে. টন সারের চাহিদা থাকলেও বরাদ্দ পাওয়া গেছে এর অর্ধেকেরও কম।

জেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্রে জানা গেছে, জেলায় চলতি মাসে ১০ হাজার ১৬৫ মে. টন চাহিদার বিপরীতে বরাদ্দ পাওয়া গেছে ৭ হাজার ৮০২ মে. টন।

এর মধ্যে জেলার ৯৪ জন ডিলার ৫ হাজার ৫৩০ মে. টন সার উত্তোলন করেছে।

সূত্র মতে, এই অপ্রতুল বরাদ্দ এবং সরবরাহের কারণে সার সংকট দেখা দিয়েছে। এরকম পরিস্থিতিতে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে তাৎক্ষণিকভাবে জরুরি সভা করা হয়। সভায় সারের সংকট মোকাবিলার জন্য জরুরি ভিত্তিতে ২০ ফেব্র“য়ারির মধ্যে আগামী মার্চ মাসের বরাদ্দ থেকে অগ্রিম হিসেবে ২ হাজার মে. টন সার সরবরাহের জন্য বিসিআইসি কর্তৃপক্ষকে আবারও অনুরোধ জানানো হয়।

এ প্রসঙ্গে জেলা কৃষি বিভাগের উপ--পরিচালক মোহসীন আলী জানান, চলতি মাসে বরাদ্দের অতিরিক্ত দুই হাজার মে. টন সার পাওয়া না গেলে সংকট মোকাবিলা করা সম্ভব হবে না।