শান্তিনগরে বিস্ফোরণে ৩ জন গুরুতর দগ্ধ
রাজধানীর শান্তিনগরে সোমবার রাতে বিদেশে ছাত্র পাঠানোর একটি প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণে তিন ব্যক্তির শরীর ঝলসে গেছে।
পুলিশ এই বিস্ফোরণের কারণ রহস্যজনক মনে করছে।
আহতরা হলেন ‘সৌদি বাংলাদেশ ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইন্সস্টিটিউট’ নামের প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক আহমেদ খান (৫০), শিক্ষক এসএম হোসেন (৫০) এবং ভর্তি বিষয়ক কর্মকর্তা ইয়াকূব আলী (৪০)। প্রথমে তাদের একটি বেসরকারি ক্লিনিকে এবং সেখান থেকে রাত পৌনে ১২ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর রাতেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য প্রতিষ্ঠানের পরিচালক শামীম আহমেদসহ ১৩ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
আহতরা হাসপাতালে নফহবংি২৪.পড়স কে বলেন, রাত সাড়ে নয়টার দিকে তারা প্রতিষ্ঠানের পাঁচ তলা ভবনের নিচ তলার একটি কক্ষে বসে কথা বলার সময় হঠাৎ করে বিস্ফোরণ ঘটে তাদের দেহে আগুন ধরে যায়।
পল্টন থানার কর্তব্যরত কর্মকর্তা পিএসআই মোঃ সেলিম উল্লাহ জানান, জেনারেটর বিস্ফোরণের খবর পেয়ে থানা থেকে সেখানে একটি টিম পাঠানো হয়েছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল নফহবংি২৪.পড়স কে বলেন, “আমরা এখন পর্যন্ত বিস্ফোরণের কোন কারণ উদঘাটন করতে পারিনি। বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। যে ঘরে বিস্ফোরণ ঘটেছে তার বৈদ্যুতিক লাইন, ঘরে রাখা একটি জেনারেটর এবং শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র সবই ঠিক আছে। এছাড়া ওই ঘরে গ্যাস লাইনেরও কোন সংযোগ নেই, যেখান থেকে বিস্ফোরণ ঘটতে পারে।”
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে আহতদের জিজ্ঞাসাবাদ করছেন এবং তারা সেখান থেকে ফিরলে বিস্ফোরণের কারণ জানা সম্ভব হবে বলে তিনি জানান।
১১৯ শান্তিনগরে এই প্রতিষ্ঠানটিতে ছাত্রদের প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো হতো।
