যানবাহন থেকে আদায় করা জরিমানার অর্ধেক ট্রাফিক পুলিশকে দেওয়ার প্রস্তাব
বিভিন্ন যানবাহন থেকে প্রতিদিন আদায় করা জরিমানার অর্ধেক ট্রাফিক পুলিশকে দিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে প্রস্তাব দেবে পুলিশ বিভাগ।
এ সংক্রান্ত একটি প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রাথমিকভাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এলাকায় এ সিদ্ধান্ত কার্যকর করার অনুরোধ করা হবে।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৩ সালে ঢাকা মহানগর পুলিশ ৭ কোটি ২৪ লাখ, ২০০৪ সালে ৮ কোটি ৪ লাখ এবং ২০০৫ সালে ৮ কোটি ৫৮ লাখ টাকা জরিমানা আদায় করে।
ট্রাফিক পুলিশ সূত্র জানায়, উপদেষ্টা পরিষদ জরিমানার ৫০ ভাগ অর্থ যদি ট্রাফিক পুলিশকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে জরিমানা আদায়ের পরিমান কয়েকগুন বেড়ে যাবে।
ট্রাফিক পুলিশ গাড়ির বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস, সিগন্যাল অমান্য করাসহ অন্যান্য নানা বিষয়ে জরিমানা আদায় করে।
