নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে সোমবার ভোরে বিএসএফ --এর গুলিতে বাংলাদেশী দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনার পর বিডিআর ও বিএসএফ --এর মধ্যে ১০ রাউন্ড গোলাগুলি চলে।
নিতপুর সীমান্তের ২৩২ নং মেইন পিলারের পাশে ভারতীয় সীমানায় ভোর ৫টার দিকে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী পোরশা উপজেলার বিষ্ণপুর দুয়ার পাল গ্রামের ইচাহাক আলী (২৫) ও সেতাবুর রহমান (১৫) নিহত হন।
নওগাঁর ২৮ রাইফেল ব্যাটালিয়নের নিতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবু তাহের জানান, ভোরে সীমান্তের একটি হাট থেকে ফেরার পথে বিএসএফ তাদের ভারতে ধরে নিয়ে হত্যা করে। এর প্রতিবাদে বিডিআর ৭ রাউন্ড গুলি চালায়। বিএসএফও পাল্টা ৩ রাউন্ড গুলিবর্ষণ করে। তবে এতে কেউ হতাহত হয়নি।
নিহত দুই গরু ব্যবসায়ীর লাশ ফেরত চেয়ে ভারতের ১৭২ নং কাদেরী পাড়া বিএসএফ ক্যাম্পে চিঠি দিয়েছে বিডিআর। তবে বিএসএফ সোমবার বিকেল পর্যন্ত কোনও সাড়া দেয়নি।
