আইনের ফাঁক গলে দুর্নীতিবাজদের বেরিয়ে যাওয়া ঠেকাতে সহযোগিতা করুন: আইন উপদেষ্টা
দেশের প্রচলিত আইনের দুর্বলতা স্বীকার করে নিয়ে দুর্নীতিবাজ, সন্ত্রাসী এবং অপরাধীরা যাতে এই ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।
সোমবার বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি বলেন, “দেশের প্রচলিত আইনে অনেক ফাঁকফোঁকর আছে এবং থাকবেই। বর্তমানে দেশে যে সংকট চলছে তা থেকে উত্তরণে বিচারক, আইনজীবী এবং সাংবাদিকসহ সকলের সহযোগিতা প্রয়োজন।”
আইন উপদেষ্টা বলেন, “শুধু নির্বাচন কমিশন সংস্কার করলেই চলবেনা। রাজনৈতিক দলগুলোরও সংস্কারের প্রয়োজন রয়েছে। দেশের বর্তমান সংকট রাজনৈতিক নেতাদের কারণেই সৃষ্টি হয়েছে।”
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণ প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “এ ব্যাপারে আইনগত সকল প্রক্রিয়াই সম্পূর্ণ করা হয়েছে।” তিনি জানান, ফৌজদারী কার্যবিধি সংশোধন সংক্রান্ত অধ্যাদেশটি সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জমা দেওয়া হয়েছে। আগামী বুধবার আপিল বিভাগ থেকে এ বিষয়ে একটি নির্দেশনা দেওয়ার কথা রয়েছে।
জাতির উদ্দেশ্যে ড. মুহাম্মদ ইউনূসের খোলা চিঠি প্রসঙ্গে মইনুল হোসেন বলেন, “রাজনৈতিক দল গঠনে যে কেউ মতামত বা চিঠি দিতেই পারে।”
