সিলেট আওয়ামী লীগ নেতা, পৌর চেয়ারম্যানসহ আটক ৪
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীম, ছাতক পৌরসভার চেয়ারম্যান আবুল কালাম চৌধুরীসহ চারজনকে আটক করেছে যৌথবাহিনী।
সোমবার দুপুর ১২টায় ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরে সামাদ প্লাজা মার্কেট উদ্বোধনের সময় যৌথবাহিনী আওয়ামী লীগ নেতা শামীমকে আটক করে। পরে তাকে সিলেট নগরীর যৌথবাহিনীর সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়। ফেঞ্চুগঞ্জে মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন।
জায়গা দখল, সন্ত্রাসী লালনসহ নানারকম অভিযোগে গত দেড় দশক ধরে আলোচিত ও সমালোচিত ছিলেন শামীম।
এদিকে রোববার রাত ১১ টায় সিলেট নগরীর নয়াসড়ক এলাকা থেকে ছাতক পৌরসভার চেয়ারম্যান আবুল কালাম চৌধুরীকে আটক করে যৌথবাহিনী। পরে তাকে রিকাবী বাজারের সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। মধ্যরাতে তাকে সিলেট কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।
একই রাতে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন সিলেট সদর থানার খামিদ পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ। তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের কমিশনার মাসুদ আহমদকে বড় কাপনের নিজ বাড়ি থেকে রোববার বিকেলে আটক করে যৌথবাহিনী। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।
