একটেলের সুইচ রুমে আগুন লেগে তিন লাখ সংযোগ বিচ্ছিন্ন
মোবাইল টেলিফোন কোম্পানি একটেলের খুলনা বিভাগের ‘সুইচ রুমে’ আগুন লেগে প্রায় তিন লাখ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রোববার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। (আরও তথ্যসহ)।
আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে দমকল বাহিনীর চার কর্মী অসুস্থ হয়ে পড়ে। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দমকল বাহিনীর সূত্রে জানা গেছে, শিববাড়ি মোড়ের শিল্প ব্যাংক ভবনের আট তলায় একটেল অফিসের সুইচ রুমে রাত ১০টার দিকে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে বৈদ্যুতিক গোলোযোগের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে অগ্নি নির্বাপক যন্ত্রের কার্বন--ডাই--অক্সাইড গ্যাসে আক্রান্ত হয়ে চারজন অসুস্থ হয়ে পড়ে। পরে দমকল বাহিনীর অন্য কর্মীদের মাধ্যমে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
খুলনার ফায়ার সার্ভিসের উপপরিচালক মিজানুর রহমান বলেন,“অগ্নিকাণ্ডের ঘটনায় কী পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে আরো সময় লাগবে।”
একটেল ঢাকা অফিসে যোগাযোগ করে জানা যায়, দুর্ঘটনার পর রাত ১২ টার দিকে ১৫-২০ জনের একটি কারিগরি দল খুলনা গেছেন। একটেলের সহকারী মহাব্যবস্থাপক মঞ্জুরুল হোসেইন সোমবার দুপুরে খুলনা থেকে নফহবংি২৪.পড়স কে টেলিফোনে বলেন, রাত থেকেই একটানা মেরামতের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে কিছু কিছু জায়গায় সংযোগ ঠিক হয়েছে। বাকিটাও কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে।
