সিলেটে ভিডিওচিত্র ধারণের সময় ট্রাকের ধাক্কায় মৃত্যু
সিলেটে বরযাত্রীর গাড়ি বহরের ভিডিওচিত্র ধারণ করার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মাসুক আহমদ (১৯) নামে এক চিত্রগ্রাহক। রোববার দুপুর দেড়টায় নগরীর টুকেরবাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নগরীর শেখঘাট কলাপাড়ার এক বরযাত্রীর গাড়িবহর যাচ্ছিল সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার দিয়ে। ওই গাড়ি বহরের ভিডিওচিত্র ধারণ করছিলেন হতভাগ্য মাসুক আহমদ।
এ ঘটনায় ক্ষুদ্ধ লোকজন ট্রাক চালককে মারধর করে। এই পরিস্থিতিতে সিলেট-সুনমগঞ্জ সড়কে প্রায় ঘন্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিলেট কোতায়ালি থানা পুলিশ সূত্র জানায়, নিহত মাসুক শেখঘাট কলাপাড়ার দুর্বার আবাসিক এলাকার বাসিন্দা। তিনি বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানের ভিডিওচিত্র ধারণের পেশায় নিয়োজিত ছিলেন।
