বিচারপতি খায়রুল হক এখন থেকে বাংলায় বিচার করবেন
মহান ভাষা আন্দোলনের মাসে বাংলায় বিচারিক কার্যক্রম শুরু করলেন উচ্চ আদালতের এক বিচারক। রোববার বিচারপতি এবিএম খায়রুল হক তাঁর একক হাইকোর্ট বেঞ্চে পাঁচটি মামলায় আদেশ এবং একটি মামলায় রায় দিয়েছেন বাংলায়। তিনি এখন থেকে বাংলাতেই বিচারিক কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানা গেছে।
বিচারপতি খায়রুল হকের বেঞ্চ সূত্রে জানা গেছে পিরোজপুরের একটি জায়গা-জমি সংক্রান্ত দেওয়ানী রিভিশন মামলায় বাংলায় রায় দেওয়া হয়েছে। ওই মামলার বাদী মোঃ মতিউর মিয়া ও অন্যপক্ষে রয়েছে মোসাম্মত আসিয়া সহ ১১ জন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অরুন কুমার ভট্টাচার্য এবং বিবাদী পক্ষে ছিলেন সেলিম রেজা চৌধুরী।
উচ্চ আদালতে সব বেঞ্চের বিচারকেরাই ইংরেজীতে রায় ঘোষণাসহ বিচারের অন্য কার্যক্রম চালান। তবে এর আগে সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান, বিচারপতি এ আর এম আমিরুল ইসলাম, বিচারপতি কাজী এবাদুল হক ও বিচারপতি হামিদুল হক দুয়েকটা রায় বাংলায় দিয়েছিলেন।
প্রসঙ্গত গত বুধবার বিচারপতি মোঃ আবদুল মতিন ও বিচারপতি মোঃ আবদুল হাইকে নিয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বাংলায় লেখা একটি আবেদন নিতে অস্বীকৃতি জানিয়েছিল বলে অভিযোগ করেছিলেন ওই মামলার আইনজীবী।
উচ্চ আদালতে বাংলায় বিচার কার্যক্রম নিয়ে ড. শিরীন শারমিন চৌধুরী নফহবংি২৪.পড়স কে বলেছেন, “দীর্ঘ দিন ধরে উচ্চ আদালতের বিচার কার্যক্রম ইংরেজীতে পরিচালিত হচ্ছে। বিভিন্ন মামলার নজিরও ইংরেজীতে। তাই হঠাৎ করে এখানে বাংলায় কার্যক্রম চালালে বিভিন্ন বাধার মুখোমুখি হতে হবে।” তবে তিনি পর্যায়ক্রমে উচ্চ আদালতে বাংলায় প্রচলন শুরু করা উচিত বলে মনে করেন।
