২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার রাস্তা থেকে ঝুঁকিপূর্ণ ট্যাক্সি-ক্যাব তুলে নেয়া হচ্ছে

ঢাকার রাস্তায় চলা ঝুঁকিপূর্ণ পুরানো ট্যাক্সি-ক্যাবগুলো পর্যায়ক্রমে উঠিয়ে নিয়ে তার বদলে শক্তিশালী ইঞ্জিনের ট্যাক্সি-ক্যাব নামানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2007, 05:10 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

পুরনো ট্যাক্সি-ক্যাব পরিবর্তন না করলে কোন প্রতিষ্ঠানকে নতুন কোন ট্যাক্সি-ক্যাব নামাতে দেওয়া হবে না।

৮০০ সিসি ইঞ্জিনের কালো ক্যাবের পরিবর্তে কমপক্ষে ১৩৫০ সিসি ইঞ্জিনের গাড়ি এবং পুরানো হলুদ ক্যাব (শীতাতপ নিয়ন্ত্রিত) পরিবর্তন করে কমপক্ষে ১৫০০ সিসি ইঞ্জিনের গাড়ি ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে  ।

বিআরটিএ-র প্রকৌশল বিভাগের পরিচালক মো. হুমায়ুন রশিদ খলিফা নফহবংি২৪.পড়স কে বলেন,“এখন থেকে কোন প্রতিষ্ঠান কালো ট্যাক্সি-ক্যাব হিসেবে ৮০০ সিসি ইঞ্জিনের গাড়ি ব্যবহার করতে পারবে না। কালো-ক্যাব হিসেবে ব্যবহারের জন্য অবশ্যই কমগক্ষে ১৩৫০ সিসি ইঞ্জিনের গাড়ি ব্যবহার করতে হবে।”

বর্তমানে বেশিরভাগ কালো ক্যাব ভারতীয় ৮০০ সিসি মারুতি সুজকি গাড়ি এবং হলুদ ক্যাব হিসেবে ১৫০০ সিসি ইঞ্জিনের গাড়ি ব্যবহার করা হচ্ছে। এসব গাড়ি রাস্তায় যে কোন সময় বন্ধ হয়ে যাওয়ার কারণে যাত্রীরা বিব্রতকর অবস্থায় পড়েন।

বিআরটিএ চেয়ারম্যান এবিএম শাহজাহান বলেন, “পুরানো গাড়িগুলোকে পরিবর্তন করে যদি ভালো গাড়ি ব্যবহার করা হয় তাহলে যাত্রীরা স্বচ্ছন্দে ভ্রমন করতে পারবেন এবং গাড়িগুলো মাঝ রাস্তায় বন্ধ হয়ে যাবে না।”

তিনি পরিস্কার ভাবে জানান যেহেতু শুধুমাত্র পুরানো গাড়িগুলোর পরিবর্তে নতুন গাড়ি নামানো হবে তাই ট্যাক্সি-ক্যাবের সংখ্যা বাড়বে না।

পরিচালক জানান, ১৯৯৮ সালে ক্যাব সার্ভিস চালুর পর থেকে ৫ হাজার ৫২৫ টি কালো ক্যাব এবং ৩ হাজার ৪৮১ টি হলুদ ক্যাবসহ মোট ৯ হাজার ছয়টি ট্যাক্সি-ক্যাব রাস্তায় চলাচল করছে।

১৯৯৮ সালের সরকারী নীতিমালা অনুসারে শুধু নিবন্ধন করা প্রতিষ্ঠানগুলো কমপক্ষে ২০ টি গাড়ি নিয়ে ব্যবসায় অংশ নিতে পারবে। প্রতিষ্ঠানগুলোর কমপক্ষে ১০ লাখ টাকা বিনিয়োগকৃত মূলধন থাকতে হবে এবং একক ব্যক্তি ব্যবসায় অংশ নিতে পারবে না।

সুইস ট্রান্সপোর্ট লি. এর ব্যাবস্থাপনা পরিচালক আব্দুল খালেক জানান, “কালো ক্যাবগুলো সত্যিই দুরাবস্থার মধ্যে রয়েছে। একটা কালো ক্যাব রক্ষণাবেক্ষণ করতে আমাদের মাসে ১২ হাজার টাকা খরচ করতে হয়।” তিনি জানান, যদি পুরানো গাড়িগুলোর পরিবর্তে নতুন গাড়ি নামানো হয় তাহলে যাত্রীসেবার মান বাড়বে।