ট্রেড ইনফরমেশন সেন্টার খোলা হচ্ছে চট্টগ্রামে
চট্টগ্রামে রপ্তানী উন্নয়ন ব্যুরো ১৪ ফেব্র“য়ারি থেকে একটি ট্রেড ইনফরমেশন সেন্টার চালু করবে।
নগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে চিটাগং চেম্বার ভবনে অবস্থিত রপ্তানী উন্নয়ন ব্যুরোর (ইপিবি) অফিসে এ সেন্টার খোলা হবে।
দেশের রপ্তানী বাণিজ্যে গতিসঞ্চার ও ব্যবসায়ীদের রপ্তানী সহায়ক তথ্য প্রদান সহজ করার লক্ষ্যে এ সেন্টার চালু করা হবে বলে বৃহস্পতিবার ঘোষণা দেন ইপিবি’র নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান সাহাব উল্লাহ।
তিনি চট্টগ্রামের রপ্তানীকারকদের এই সেন্টারের সহায়তা নেয়ার আহ্বান জানান। বৃহস্পতিবার চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) পরিচালক ও সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন।
ইপিবির ভাইস চেয়ারম্যান বলেন, বাণিজ্যিক রাজধানী ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হওয়া সত্ত্বেও দেশের মোট রপ্তানীর মাত্র ২০ শতাংশ চট্টগ্রাম থেকে হয়ে থাকে। তিনি এই হার বাড়াতে চট্টগ্রামের ব্যবসায়ীদের আরো বেশি উদ্যোগী হওয়ার তাগিদ দেন।
মতবিনিময় সভায় চেম্বার সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, চেম্বারের সহ সভাপতি মাহবুব আলম, বাংলাদেশ ভেজিটেবল এন্ড ফ্রুটস এক্সপোর্টস এসোসিয়েশনের সভাপতি মাহবুব রানা, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টস এসোসিয়েশনের পরিচালক গোলাম কিবরিয়াসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
