গুলশানে চারশ’ কোটি টাকার জমি দখলমুক্ত, অভিযান চলেছে গ্রীনরোডেও
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গুলশান ও গ্রীনরোড এলাকায় বৃহস্পতিবার বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে। এ সময় প্রায় চারশ’ কোটি টাকার জমি দখলমুক্ত এবং পাঁচ শতাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়া হয়।
গুলশানে অভিযান চলে রাজউকের ম্যাজিস্ট্রেট আসম ইমদাদুদ দস্তগীরের নেতৃত্বে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ম্যাজিস্ট্রেট মাহফুজুল ইসলাম নেতৃত্ব দেন গ্রীনরোড এলাকায়। সকাল ১১ টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এই অভিযান। সেনা ও পুলিশসহ নিরাপত্তা বাহিনীর দুই শতাধিক সদস্য এতে অংশ নেন।
ম্যাজিস্ট্রেট আসম ইমদাদুদ দস্তগীরের নেতৃত্বে রাজউকের দলটি সকাল ১১ টায় গুলশান দুই নম্বরের ৬৬ নং সড়কে ‘র্যাংগসের’ দখলে থাকা প্রায় ১৩ বিঘা জমি দখলমুক্ত করার মাধ্যমে অভিযান শুরু করে।
বর্তমান বাজার মূল্যে এর দাম প্রায় চারশ’ কোটি টাকা বলে ম্যাজিস্ট্রেট আসম ইমদাদুদ দস্তগীর নফহবংি২৪.পড়স কে বলেছেন।
রাজউকের প্রধান ইমারত পরিদর্শক কেএম নজরুল ইসলাম জানান, র্যাংগস এই জমিটি দীর্ঘ ২০ বছর ধরে অবৈধভাবে দখল করে ছিল। রাজউক জমিটি ১৯ টি প্লট আকারে ভাগ করে ১৯ জনের নামে বরাদ্দ করেছিল। কিন্তু বরাদ্দপ্রাপ্তরা বছরের পর বছর চেষ্টা করেও তাদের জমির দখল বুঝে পাননি।
র্যাংগসের দখল করা জমির পাশেই ইতালি দূতাবাস সংলগ্ন আরেকটি প্লটের এক বিঘা জমি দখলমুক্ত করা হয়। এই জমিতে রাজউক একটি পার্ক নির্মাণের পরিকল্পনা হাতে নিলেও তা এতদিন অবৈধ দখলে ছিল।
রাজউকের দল দুপুরের পর গুলশান এক নাম্বারে ডিসিসি মার্কেটের দুই পাশে অননুমোদিতভাবে গড়ে তোলা দুই শতাধিক টিনশেড ঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। এক বিঘার ওপর জমি দখল করে এই টিনশেড মার্কেটটি তৈরি করা হয়েছিল বলে রাজউক কর্মকর্তারা জানান।
অন্যদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ম্যাজিস্ট্রেট মাহফুজুল ইসলামের নেতৃত্বে রাজউকের অপর একটি দল নগরীর সায়েন্স ল্যাবেটরী মোড় থেকে পান্থপথ মোড় পর্যন্ত গ্রীনরোড এলাকায় অভিযান চালিয়ে কমপক্ষে ১০ টি বহুতল ভবনসহ তিন শতাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ অংশ গুঁড়িয়ে দিয়েছে।
সকাল সাড়ে ১০ টায় সায়েন্স ল্যাবরেটরী মোড়ে পেট্রোল পাম্প লাগোয়া ১০ তলা কনকর্ড আর্কেডিয়া শপিং মলের গাড়ি পার্কিং এবং সিঁড়ি ভেঙ্গে ফেলার মাধ্যমে অভিযান শুরু হয়। অভিযানকারী দল এরপর একে একে ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের গাড়ি পার্কিং এবং দ্বিতীয় তলার অননুমোদিত অংশ ও সিঁড়ি, আট তলা আইডিয়াল ফার্মার গ্যারেজ এবং গ্যারেজের জায়গায় গড়ে তোলা দুটি দোকান, মেডিসিন কর্নার, পূর্বাশা ফুড ফেয়ার এবং অপটিকস ল্যাবের সামনের অংশ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) প্রশিক্ষণ ও বিক্রয় কেন্দ্র এবং উপ--পরিচালকের কার্যালয়ের প্রবেশপথের অংশ বিশেষ, হোটেল গ্রীন হাউজের প্রবেশপথ, ১০ তলা একে কমপ্লেক্সের গ্যারেজের জায়গায় গড়ে তোলা তিনটি দোকান, র্যাংগস গ্র“পের ১২ তলা তাজ টাওয়ারের তিনটি তলার অবৈধ অংশ ও নীচতলার সিঁড়ি, ইউনিভার্সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্যারেজের জায়গায় গড়ে তোলা আটটি দোকান, বহুতল গ্রীন হ্যামলেট কমপ্লেক্সের পাশে ১০ টি দোকান, ধানমন্ডি হাসপাতালের বর্ধিত অংশ, ১০ তলা তারকালোক কমপ্লেক্সের দুটি তলায় অননুমোদিতভাবে তৈরি করা ২০ টি দোকান এবং পাশের ১০ টি টিনশেড দোকান, গ্রীন লাইফ হাসপাতালের গ্যারেজের জায়গায় তৈরি করা ১০টি ফার্মেসি, হোটেল নূরের (আবাসিক) নীচতলার আটটি দোকান, অ্যাডভান্সড ডক্টর কেয়ারের নীচতলার পাঁচটি দোকান এবং ইস্টার্ন হাউজিংয়ের শেল গ্রীন টাওয়ারের গ্যারেজের জায়গায় তৈরি করা ১০টি দোকানসহ তিন শতাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়।
রাজউকের সহকারি তত্ত্বাবধায়ক কর্মকর্তা মো. হারুন অর রশীদ নফহবংি২৪.পড়স কে জানান, ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী এই অভিযান চালানো হচ্ছে। বিধি অনুযায়ী অনুমোদিত নকশার বাইরের অংশ এবং কোন নকশাই নেই এমন সব স্থাপনাই ভেঙ্গে ফেলা হচ্ছে।
অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট মাহফুজুল ইসলাম জানান, শুক্র ও শনিবার বিরতির পর রোববার থেকে আবার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হবে।
এদিকে গ্রীন রোডে ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের অবৈধ অংশ ভাঙ্গার সময় ফটো সাংবাদিকরা ছবি তুলতে গেলে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা সাইফুল ইসলাম লেলিন এবং মেজবাউল আলমের নেতৃত্বে কয়েকজন কর্মচারি বাধা দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে ল্যাবএইডে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও অভিযুক্ত কর্মকর্তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে মিরপুর রোড সংলগ্ন ধানমন্ডি লেকের দুই পাশেও উচ্ছেদ অভিযান চালানো হয়। ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু জাদুঘরের সামনের টং দোকান ও অস্থায়ী স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।
