তারেককে নিয়ে প্রকাশনা উৎসবেও তারেক নেই!
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের ইউনিয়ন প্রতিনিধি সভা নিয়ে বুধবার বাংলা একাডেমীতে ‘ছবির গল্প’ শীর্ষক এক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে।
তবে ওই অনুষ্ঠানে তারেক রহমান কিংবা বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোর কোন শীর্ষস্থানীয় নেতাদের দেখা যায়নি।
ক্রিয়েটিভ গ্র“প নামে একটি সংস্থা বইটির প্রকাশক।
অনুষ্ঠানে ছাত্রদলের সাবেক সভাপতি হাবিব--উন--নবী খান সোহেল, সাবেক ছাত্রদল নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন আহম্মেদ অসীম, সামসুজ্জামান মেহেদী, ব্যারিস্টার কায়সার কামাল, এসএম পারভেজ, জাসাস নেতা শিশির ভূঁইয়া প্রমুখ হাতেগোনা কয়েকজন সাবেক ছাত্রদল নেতা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির আমন্ত্রণ পত্রে বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক আবুল কালাম মঞ্জুর মোর্শেদ গ্রন্থের মোড়ক উন্মোচন করার কথা উল্লেখ করা হলেও তিনিও আসেননি। এর পরিবর্তে মোড়ক উন্মোচন করেন ভাসানী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. খলিলুর রহমান চৌধুরী ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ।
একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কণ্ঠশিল্পী আসিফ আকবর, ড. জাকির হোসেন দুলাল প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সাবেক ছাত্র নেতারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমানকে ভবিষ্যৎ নেতা হিসেবে অভিহিত করেন।
এক হাজার টাকা মূল্যের এই প্রকাশনাটির লেখক আলোকচিত্রী খালেদ হোসেন পরাগ। ৯৫ পৃষ্ঠার এই বইটিতে ২০০৫ সালে ১২টি জেলায় বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে তারেক রহমানের কার্যক্রমের নানান আলোকচিত্র এবং বক্তব্য তুলে ধরা হয়েছে।
