দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে: মতিন
দুর্নীতিবাজরা উপার্জিত অর্থ দিয়ে সম্পদের যে পাহাড় গড়েছে তা বাজেয়াপ্ত করার ব্যাপারে সরকার চিন্তা-- ভাবনা করছে। যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন বুধবার তার কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান।
এশীয় উন্নয়ন ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের মহাপরিচালক কুনিও সেনগা (কঁহরড় ঝবহমধ) যোগাযোগ উপদেষ্টার সঙ্গে বুধবার দুপুরে তার কার্যালয়ে সাক্ষাৎ করে দুর্নীতি দমন কমিশন সম্পর্কে জানতে চাইলে, উপদেষ্টা তাকে পুনর্গঠনের বিষয়ে অবহিত করেন।
যোগাযোগ উপদেষ্টা জানান, দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনে যারা পদত্যাগ করলেন তারা যদি দায়িত্বে থাকার সময় কোন অনিয়ম করেন বা তাদের বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায় তাহলে সে বিষয়ে তদন্ত হওয়া উচিত এবং তদন্ত হবে। তিনি বলেন, “আমি যখন ডিজি ছিলাম তখন যদি দুর্নীতি করে থাকি তারও তদন্ত হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “দুর্নীতি দমন কমিশনে এসআই, এএসআই এবং এসিও এ তিন ধরনের কর্মকর্তারা দুর্নীতির তদন্তের সঙ্গে জড়িত। আগে এদের সংখ্যা ছিল ৪৪০ জন, এখন আছে ৪০ জন। এরাসহ যে লোকবল আছে তারা সবাই যে সৎ, তারা সবাই যে পুনর্গঠিত কমিশনে থাকার যোগ্য তা আমি মনে করি না।”
উপদেষ্টা জানিয়েছেন, পুনর্গঠিত কমিশনে যারা আসবেন তারা এদের যাচাই-- বাছাই করে দেখবেন এবং অসৎ, দুর্নীতিবাজদের বাদ দিয়ে নতুন লোক নেবেন। এক্ষেত্রে প্রশাসন থেকে লোক নেওয়া হতে পারে আবার নতুন নিয়োগও দেওয়া যেতে পারে।
মতিন বলেন, “দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে দ্রুত অধ্যাদেশ জারি করা হবে। এজন্য অনুসন্ধান, তদন্ত ও বিচারের জন্য সময় নির্ধারণ করে দেওয়া হচ্ছে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রুই-- কাতলাদের পর আরও বড়দের ধরা হবে এবং তারাও আইনের আওতায় আসবে।”
