নগরবাড়ী থেকে ২০ কোটি টাকা দামের ৫ লাখ বস্তা সার উদ্ধার
জেলার নগরবাড়ী ঘাটের শতাধিক সারের গুদাম থেকে ২০ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ ঘোষিত পাঁচ লাখ বস্তা এফএমপি সার উদ্ধার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
বুধবার যৌথ বাহিনী এই অভিযান পরিচালনার সময় ১৪ টি গুদাম সিলগালা করে দেয়। এর আগে গত মঙ্গলবার যৌথ বাহিনী একই এলাকায় অভিযান চালিয়ে ১৪টি সারের গুদাম থেকে ৩০ কোটি টাকা মূল্যের ছয় লাখ বস্তা এফএমপি সার উদ্ধার করে এবং আটজনকে গ্রেফতার করে। এনিয়ে এখন পর্যন্ত মোট ১১ লাখ বস্তা নিষিদ্ধ এফএমপি সার উদ্ধার করা হলো।
যৌথবাহিনীসূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র নগরবাড়ীতে দীর্ঘদিন ধরে ভেজাল ও নকল সার তৈরি এবং নিষিদ্ধ সার এফএমপি-র সঙ্গে টিএসপি এবং ডিএপি সার মিশিয়ে বিক্রি করে আসছিল। বেশি লাভের আশায় কিছু আমদানীকারক প্রতিষ্ঠান চীন থেকে কম দামে এফএমপি সার আমদানী করে বলে জানা গেছে। আমদানী করা এফএমপি সার পরে টিএসপি ও ডিএপি সারের বস্তায় ভরে বাজারে বেশি দামে বিক্রি করা হয়।
এ বিষয়ে বেড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বেড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানিয়েছেন নগরবাড়ী ঘাটের ১৪টি গুদাম সিল করা ছাড়াও অন্য গুদামগুলোতে জব্দতালিকার কাজ চলছে।
