খালেদা দল ‘ধ্বংসের’ দায় স্বীকার করলে হাল ধরতে রাজি অলি
এলডিপি’র নির্বাহী সভাপতি অলি আহমেদ বলেছেন, খালেদা জিয়া এবং বিএনপি নেতৃত্ব যদি দল ধ্বংসের দায়িত্ব স্বীকার করেন তবে তিনি দলের হাল ধরার কথা বিবেচনা করবেন।
মঙ্গলবার বেসরকারি টেলিভিশন এটিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে অলি বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার মহা দুর্নীতিবাজ রাজনীতিবিদদের বিরুদ্ধে পদক্ষেপ নিযে মহৎ কাজ করছে।
তবে চলমান দুর্নীতি বিরোধী অভিযানে যাতে নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
নতুন প্রধান নির্বাচন কমিশনার প্রসঙ্গে এলডিপি নেতা বলেন, ড. এটিএম শামসুল হুদা একজন দক্ষ কর্মকর্তা এবং দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। নির্বাচন অনুষ্ঠানের জন্য অস্থির হওয়ার কোনো কারণ নেই বলে তিনি মত প্রকাশ করেন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স এবং ভোটার আইডি কার্ড প্রয়োজনীয় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, তাড়াহুড়ো করে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে একই দুর্নীতিবাজদের ক্ষমতায় যেতে দেয়ার কোনো মানে হয় না।
বিএনপি’র অন্যতম এই প্রতিষ্ঠাতা দলের আজকের ‘বেহাল’ অবস্থার জন্য খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান, তাদের পরিবারের সদস্য এবং কিছু চাটুকারকে দায়ী করেন।
দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হলে তার তদন্ত করা হয় এবং সে অনুসারে ব্যবস্থা নেওয়া হয়।
