২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে নকল কীটনাশক কারখানায় অভিযান

সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় নকল কীটনাশক ও সার তৈরির একটি কারখানায় মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এসময় সিআরপি রোডে ভেজাল পণ্যের একটি গুদামেও অভিযান চলে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2007, 11:17 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

যৌথবাহিনী সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে তারা পৌর এলাকার মজিদপুর মহল্লার এফ-৬ বাড়ির ‘রেক্সিমকো ইনসেক্টিসাইডস লিমিটেড’ নামক একটি কারখানায় অভিযান চালিয়ে নকল কীটনাশক ও সার তৈরির যন্ত্রপাতিসহ বিপুল সরঞ্জাম জব্দ করে।

এ সময় কারখানা মালিক রনি কামাল পালিয়ে যায়।

রনির ভাই সানি কামাল জানায় ১২ জন শ্রমিক নিয়ে চারবছর আগে কারখানাটি চালু করা হয়। সেখানে বিভন্ন নকল কীটনাশক ও সার তৈরি করা হতো।

যৌথবাহিনী একই সময়ে সিআরপি রোডের নকল পণ্যের গুদাম ‘পারভেজ এন্ট্রারপ্রাইজ’ এ অভিযান চালায়।

সেখান থেকে ৫০ বস্তা ভেজাল ভূট্টা, ১০০ বস্তা কুড়া, ২৫০ বস্তা লাইম স্টোনসহ বিভিন্ন সামগ্রী আটক করা হয়। তবে পারভেজ এন্ট্রারপ্রাইজের মালিক রফিকুল ইসলামকে আটক করা যায়নি।

গুদামের ম্যানেজার হানিফ শেখ জানান, তারা ভারত থেকে মালামাল এনে বিভিন্ন ভেজাল সামগ্রী মিশিয়ে বাজারজাত করেন।

এ ব্যাপারে সাভার থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।