২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতিকে পদত্যাগের কথা জানালেন দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও অন্য দুই কমিশনার মঙ্গলবার রাষ্ট্রপতিকে পদত্যাগের কথা জানিয়ে এসেছেন। তবে আনুষ্ঠানিকভাবে বুধবার অথবা বৃহস্পতিবার তারা পদত্যাগপত্র জমা দেবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। (সমন্বিত)

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2007, 04:44 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করার পর বেরিয়ে এসে বিচারপতি সুলতান হোসেন খান দুপুর ১ টার একটু পরে সাংবাদিকদের বলেন, তিনি ও অন্য সদস্যরা বুধবার পদত্যাগ করবেন।

বাংলাদেশ জাতিসংঘের দুর্নীতি বিরোধী সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত নেওয়ার পরদিনই দুদক পুনর্গঠনের স্বার্থে দায়িত্ব ছেড়ে দিতে রাজি হলেন এর চেয়ারম্যান ও সদস্যরা। সোমবার রাতে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে দুর্নীতি বিরোধী সনদে স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়।

বঙ্গভবন থেকে ফিরে দুপুর ১টা ৫০মিনিটে কমিশনের আগারগাঁও কার্যালয়ে অধ্যাপক এম মনিরুজ্জামান মিঞা বলেন, “বুধবার আমরা পদত্যাগ করবো একথা রাষ্ট্রপতিকে মৌখিকভাবে বলে এসেছি। এখন পদত্যাগপত্র লিখতে একটু সময় লাগবে। আশা করি সেটা কালকের মধ্যেই হয়ে যাবে। যদি নাও হয় তা অবশ্যই বৃহস্পতিবার হবে।”

পদত্যাগ প্রসঙ্গে জানতে চাইলে বিচারপতি সুলতান হোসেন খান টেলিফোনে নফহবংি২৪.পড়স কে বলেন, “বুধবার রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেবো।”

বঙ্গভবন থেকে বেরিয়ে অবশ্য সুলতান হোসেন খান আর কমিশনে আসেননি। তিনি সরাসরি বাসায় চলে গেছেন।

এদিকে মনিরউদ্দিন আহমদ বঙ্গভবন থেকে ফিরে সেগুনবাগিচায় তার দপ্তরে সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপতির সঙ্গে কমিশন পুনর্গঠনের ব্যাপারে কথা হয়েছে। রাষ্ট্রপতি আমাদের কাছে কমিশন পুনর্গঠনের জন্য পরামর্শ চেয়েছেন। আমরা তাকে বলেছি, আপনি যা বলবেন সেটা শিরোধার্য।”

পদত্যাগের বিষয়ে মনির উদ্দিন আহমদ বলেন, “উপযুক্ত সময় হলেই তা জানাবো।”

সুলতান হোসেন খান এবং এম মনিরুজ্জামান মিঞা অবশ্য সরাসরিই বলেছেন দুএকদিনের মধ্যে তারা সবাই পদত্যাগ করবেন। এ প্রসঙ্গে সাংবাদিকরা মনির উদ্দিনের দৃষ্টি আর্কষণ করলে তিনি বলেন, “ওনারা যদি তা বলে থাকেন তাহলে ঠিকই বলেছেন।”

অন্যন্য দিনের মত মঙ্গলবার সকালে অফিসে আসেন সুলতান হোসেন খান ও মনিরুজ্জামান মিঞা। বেলা সোয়া ১১টায় প্রথমে বঙ্গভবনে রওনা হন দুদক চেয়ারম্যান সুলতান হোসেন। এরপর সাড়ে ১১টার দিকে রওনা হন কমিশনার মনিরুজ্জামান মিঞা। অন্যদিকে সেগুনবাগিচা কার্যালয় থেকে সরাসরি বঙ্গভবনে চলে যান অপর কমিশনার মনিরউদ্দিন আহমদ।

বেলা ১২টা থেকে ১২টা  ২০ মিনিটের মধ্যে তারা সবাই বঙ্গভবনে পৌছে যান। রাষ্ট্রপতির সঙ্গে প্রায় এক ঘন্টা বৈঠক করে দুপুর ১টা ১০মিনিটে বঙ্গভবন থেকে তারা একত্রে বেড়িয়ে আসেন।

মনিরুজ্জামান মিঞা বলেন,“সরকার যেহেতু চাচ্ছেন কমিশনকে পুনর্গঠন ও কার্যকর করতে সেই ক্ষেত্রে আমাদের সরে যাওয়ার কথা রাষ্ট্রপতিকে জানিয়ে এসেছি।”

নিজেদের ‘ব্যর্থতার’ কথা অস্বীকার করে মিঞা বলেন,“ অনেকেই বলে থাকেন বিগত সরকার এবং কমিশনারদের মধ্যে সমন্বয়হীনতার কারণে কমিশন কার্যকর হয়নি সেটা ঠিক নয়।”

এতদিন পদত্যাগ না করা প্রসঙ্গে মনিরুজ্জামান বলেন,“চাইলেই সব সময় সব কাজ করা যায় না। তবে এখানে এসে আমার সারা জীবনের সব অর্জন হারাতে বসেছি।”

দেশি-বিদেশি চাপের মুখে খালেদা জিয়ার নেতৃত্বে চারদলীয় জোট সরকার ২০০৪ সালের ২১ নভেম্বর সাবেক দুর্নীতি দমন ব্যুরো কে বিলুপ্ত ঘোষণা করে দুর্নীতি দমন কমিশন গঠন করে। কিন্তু পর্যাপ্ত লোকবল, আইন এবং বিধিবিধানের অভাবে কমিশন প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি। অনেকেই অভিযোগ করেন, সাবেক জোট সরকার রাজনৈতিক প্রভাব বজায় রাখতে দুদককে কার্যকর করেনি।

কমিশন গঠনের পর ২২শে নভেম্বর এর চেয়ারম্যান ও কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় সুুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সুলতান হোসেন খান ও সাবেক আমলা মনিরউদ্দিন আহমদকে। একই বছরের ১৪ ডিসেম্বর কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম মনিরুজ্জামান মিঞাকে। কিন্তু শুরু থেকেই তাদের বিরুদ্ধে তৎকালীন সরকারের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে।

দুদক গঠন হওয়ার পর গত প্রায় সোয়া দুই বছর পার হলেও তারা কিছুই করতে পারেনি বলে বারবার বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠে।    

নতুন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর থেকেই যোগাযোগ উপদেষ্টা মেজর (অবঃ) এম এ মতিন এবং আইন উপদেষ্টা মইনুল হোসেন দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের পদ ছেড়ে দিয়ে কমিশনকে কার্যকর করার কথা বলে আসছিলেন।

গত এক সপ্তাহ ধরে কমিশনের চেয়ারম্যান ও অন্য সদস্যরাও বলেছেন রাষ্ট্রপতি বললে তারা কমিশন ছেড়ে চলে যাবেন।

এই লক্ষ্যে সরকার কমিশনের আইনগত, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা চিহ্নিত করতে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে আহ্বায়ক করে ২৪ জানুয়ারি ৭ সদস্য বিশিষ্ট একটি পরামর্শক কমিটি গঠন করে। ওই কমিটিকে দুই সপ্তাহের মধ্যে দুদক সম্পর্কে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রদান করতে বলা হয়েছে।

গত রোববার কমিটির প্রথম বৈঠকের পর  যোগাযোগ উপদেষ্টা ও কমিটির সদস্য এম এ মতিন সাংবাদিকদের বলেন,“তারা (দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার) চলে গেলেই আমরা কমিশনকে ঢেলে সাজাবো।”

এর আগে গত ২৪ জানুয়ারি যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন  দুদককে “ক্লাউন (ভাড়) মুক্ত করতে হবে” এই মন্তব্য করেছিলেন।