২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের চেয়ারম্যান ও সদস্যরা মঙ্গলবারই চলে যাচ্ছেন?

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান বলেছেন, তিনি নিজেসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করছেন কিনা তা  মঙ্গলবারই জানা যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 03:33 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

সোমবার দুর্নীতি দমন কমিশনের দপ্তরে তার নিজ কক্ষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এর আগে রোববার রাতে উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য বলেন, দুই একদিনের মধ্যে দুর্নীতি দমন কমিশনের পুনর্গঠন করা হবে।

দুদক চেয়ারম্যান বলেন,“আমি বারবারই বলছি দেশ ও জাতির স্বার্থে রাষ্ট্রপতি বললে পদত্যাগ করবো।”

নিজে থেকে যাচ্ছেন না কেন -- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন,“সেটা করলে তো সব ব্যর্থতার দায়-- ভার আমাদের বলেই প্রমাণ হয়ে যায়।”

এদিকে সোমবার রাজধানীর আগারগাঁও কার্যালয়ে দুদক এর নির্ধারিত বৈঠকটি অনুষ্ঠিত হয়নি। জানা গেছে, কমিশনার মনিরউদ্দিন আহমদ বৈঠকে আসতে অপারগতা জানালে নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়।

তবে বৈঠক সম্পর্কে তাকে কিছুই জানানো হয়নি বলে মনিরউদ্দিন সাংবাদিকদের কাছে দাবি করেন।

কমিশনের একটি সূত্র জানিয়েছে, সুলতান হোসেন খান এবং মনিরুজ্জামান মিঞা নীতিগতভাবে পদত্যাগ করতে রাজি হলেও মনিরউদ্দিন আহমদ রাজি হচ্ছেন না বলে জটিলতা তৈরি হচ্ছে।

তবে সেগুনবাগিচার কার্যালয়ে পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনিরউদ্দিন আহমদ বলেন,“আমাকে আনুষ্ঠানিকভাবে আহ্বান করা না হলে আমি এই বিষয়ে কোন কিছু বলতে পারি না।”

যদি রাষ্ট্রপতি পদত্যাগ করতে বলেন তাহলে কি তা করবেন-- এই প্রশ্নের জবাবে তিনি বলেন,“যদি’র ব্যাপারে কিছু বলতে চাই না। সময় এলে আমার কথা বলবো।”

দুদকের ব্যর্থতা প্রসঙ্গে মনিরউদ্দিন আহমদ বলেন,“কমিশনের ভেতরে ও বাইরে অনেক সমস্যা আছে। কোন্ কোন্ প্রতিবন্ধকতার কারণে জনগণের প্রত্যাশানুযায়ী কাজ করতে পারিনি সেসব কথা বলার জন্য সময় চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছি।”