২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ছাত্রলীগের ৭ নেতা--কর্মীর বিরুদ্ধে মামলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে প্রভোস্টের অফিস কক্ষ ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি ভাংচুরের অভিযোগে রোববার জাবি শাখা ছাত্রলীগের সাত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2007, 11:12 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

সূত্র জানায়, ছাত্রলীগ সভাপতি সোহেল পারভেজ ও সাধারণ সম্পাদক মাহমুদ নাসের জনিসহ ২০/২৫ জন নেতাকর্মী শনিবার রাতে মওলানা ভাসানী হলের অতিথি কক্ষে টাঙানো খালেদা জিয়ার ছবি ভাংচুর করে।

এক পর্যায়ে ওই হলের ছাত্রদল সভাপতি শাহানশাহর নেতৃত্বে সংগঠনের কর্মীরা ধাওয়া করলে ছাত্রলীগের নেতা--কর্মীরা মারধর করে কয়েকজনকে। হল প্রভোস্টের অফিস কক্ষও এ সময় ভাংচুর করা হয়।

খবর পেয়ে প্রভোস্ট মাফরুহী সাত্তারসহ আবাসিক শিক্ষকরা হলে আসেন। ছাত্রদল কর্মীরা এ সময় হামলাকারী ছাত্রলীগ নেতা--কর্মীদের বিচার দাবিতে প্রভোস্টের কাছে হলের দুই শতাধিক ছাত্রের স্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগ দায়ের করে।

প্রভোস্ট বিষয়টি প্রক্টর অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসানকে লিখিতভাবে জানালে প্রক্টর রোববার ছাত্রলীগের সাত নেতাকর্মীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হলেন- ছাত্রলীগ জাবি শাখা সভাপতি সোহেল পারভেজ, সাধারণ সম্পাদক মাহমুদ নাসের জনি, সহ--সভাপতি আব্দুল মতিন বাপ্পী, যুগ্ম সম্পাদক হাসিবুল হক সজীব ও জাহিদ পারভেজ পুলক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাফিউল হাসান চিশতি এবং কর্মী নাহিদুর রহমান খান সাগর।

আশুলিয়া থানার এসআই মাকসুদা আক্তার মামলা দায়েরের কথা স্বীকার করেন।