২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে যাচ্ছে সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংক

সোনালী, জনতা ও অগ্রণী এ তিনটি রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংককে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রণীত ‘মেমোরেন্ডাম এন্ড আর্টিকেল অফ এসোসিয়েশন’- এর খসড়া উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2007, 06:50 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া দেশের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন।

গত সোমবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার অর্থ মন্ত্রণালয়  নিয়ে উপদেষ্টারা বৈঠকে বসেন। এখন থেকে প্রতি শনিবার এক একটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপদেষ্টারা আলোচনায় বসবেন।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর সংস্কার ত্বরান্বিত করতে দীর্ঘদিন ধরে সরকারের ওপর চাপ দিয়ে আসছে বিশ্ব ব্যাংক। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর সংষ্কারের লক্ষ্যে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি ষ্টিয়ারিং কমিটি গঠন করে।

এ কমিটি তিনটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংককে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের সুপারিশ করে। এ সুপারিশে উল্লেখ করা বেসরকারী অন্যান্য ব্যাংকের মতো এ তিনটি ব্যাংকও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। তবে এ ব্যাংকগুলোর মালিকানা থাকবে সরকারের হাতে।

ষ্টিয়ারিং কমিটির সুপারিশে আরো উল্লেখ করা হয়, তিনটি ব্যাংকেরই প্রতিটি শেয়ারের মূল্য হবে একশ’ টাকা। সরকারী সংস্থাগুলোই শেয়ারের মূল্য পরিশোধ করবে।

প্রত্যেকটি ব্যাংকে পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা হবে ৭ থেকে ১৩ জন। পরিচালক নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট বিধি বিধান থাকবে। পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য অর্থ, কৃষি, গ্রামীণ অর্থনীতি, ব্যাংকিং, সমবায়,আইন, ক্ষুদ্রঋণ সম্পর্কে বিশেষ জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতাকে যোগ্যতা বলে বিবেচনা করা হবে।