খুলনায় শীর্ষ দশ হুন্ডি ব্যবসায়ী এখনও ধরা পড়েনি
দুর্র্নীতিবাজদের বিরুদ্ধে সারাদেশে চলমান অভিযানের মধ্যেও খুলনার শীর্ষ দশ হুন্ডি ব্যবসায়ী বহাল তবিয়তে ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এই হুন্ডি ব্যবসায়ীরা পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবৈধ ব্যবসা চালাচ্ছে অনেকদিন ধরেই। এদের নিয়ন্ত্রণে আছে প্রায় এক হাজার ছোট--বড় ব্যবসায়ী। এতে একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে অন্যদিকে বিদেশে পাচার হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিবেদনে নগরীর বড়বাজারের সাউদার্ন ট্রেডার্সের মালিক গোপী কিষাণ মুন্ধড়া (মারোয়াড়ি) ও তার ভাই লালা কিষাণ মুন্ধড়া, একই বাজারের তুলাপট্টির গোপাল শোনী (মারোয়াড়ি), রূপালী ট্রেডার্সের অশোক সরকার, নিতাই সাহা, আব্দুস সাত্তার গাজী, আহসান আহমেদ রোডের সাতক্ষীরা ঘোষ ডেইরির মালিক পরিতোষ ঘোষ, খাজা খানজাহান আলী হকার্স মার্কেটের জেনুইন হার্ডওয়্যারের মালিক বিষ্ণুপদ ঘোষ, খান এ সবুর রোডের রহিম ফ্লাওয়ার মিলের মালিক মো. আরিফ হোসেন ও সোনালী বিড়ি ফ্যাক্টরির মালিক শিল্পপতি সুনীল সাহাকে শীর্ষ ১০ হুন্ডি ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৩ সালের ৩০ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির ৩০তম সভায় ওই দশ হুন্ডি ব্যবসায়ীসহ চোরাকারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে একই বছরের ১৬ জুলাই জেলা প্রশাসক, কেএমপি কমিশনার, পুলিশ সুপার, জিআরপি খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এক সভাও অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয় হুন্ডি ব্যবসায়ী ও চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কিন্তু এরপর প্রায় চার বছর পার হলেও দশ হুন্ডি ব্যবসায়ীর একজনও আটক হয়নি। এমনকি বর্তমানে জরুরি অবস্থার আওতায় বিভিন্ন অভিযান পরিচালিত হলেও তারা এখনও ধরা পড়েনি।
এ ব্যাপারে খুলনা মহানগর পুলিশ কমিশনার নাজমুল হক নফহবংি২৪.পড়স কে জানান, “হুন্ডি ব্যবসায়ীদের অবশ্যই গ্রেপ্তার করা হবে। তবে আগেভাগে ঢাক ঢোল পিটিয়ে কোনও অভিযান পরিচালনা করা হবে না। তাদের ওপর তীক্ষè নজর রেখেছে পুলিশ।”
