২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশাও বাদ সাধেনি ইজতেমাগামী মুসুল্লী সমাগমে

ঘন কুয়াশা স্থবির করে দিয়েছিল স্থল ও জলপথ। তারপরও তা বাদ সাধতে পারেনি তুরাগ অভিমুখী লাখো মুসল্লীর যাত্রাপথে। শুক্রবার ঢাকার উপকণ্ঠ টঙ্গির এই নদী তীরেই শুরু হয়েছে তিনদিনব্যাপী “বিশ্ব ইজতেমা”। পবিত্র হজের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সমাবেশ হিসেবেই মানা হয় এই অনুষ্ঠানকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2007, 03:25 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

হাজার হাজার ধর্মপ্রাণ আগে থেকেই উপস্থিত ছিলেন ইজমেতা প্রাঙ্গণে। বাঁধভাঙা স্রোতে সামিল হচ্ছিলেন আরও অনেকেই। তাতে সাময়িক বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রকৃতি। দেশজুড়ে ঘন কুয়াশার চাদর যানবাহন চলাচলে বিঘœ ঘটিয়েছিল অনেকক্ষণ। দূরের পথ স্পষ্ট দেখতে না পারাতেই চালকদের এই স্থবিরতা। রাত ১টা থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত দৌলতদিয়া ফেরি টার্মিনালে যাত্রীবাহী বাহনগুলো ঠায় বসেছিল। তারপরও তাগিদ ছিল শুক্রবারের জুমার জামাত ধরার। সে ইচ্ছে পুরো হয়েছে প্রায় সবারই।

যথারীতি কড়া নিরাপত্তার বেড় ছিল ইজতেমা স্থলকে ঘিরে। যদিও রাজনীতি নির্ভর নয়, একান্তই ইসলামী জীবন ব্যবস্থা নিয়ে আলোচনার এক সমাবেশ এটা। তারপরও ভয় উগ্রবাদী জঙ্গি হামলার। সে কারণে ১০ হাজার পুলিশ ছাড়াও বাড়তি ৫ হাজার সামরিক সদস্য, র‌্যাব, বিডিআর, আনসার কড়া পাহারায় রেখেছে চারদিক। মূল সমাবেশের প্রতিটি প্রবেশ পথেই তাদের তীক্ষ্ম নজর। ৭টি পর্যবেক্ষণ টাওয়ার বসানো হয়েছে চারদিকে। সমাবেশের ময়দানে তল্লাশি চালানো হয়েছে মেটাল ডিটেক্টরে। মুসল্লীদের শরীর এবং বাক্স-- প্যাটরাও এ থেকে বাদ যায়নি। এর বাইরে বসানো হয়েছে ৫০টিরও বেশি নিরাপত্তা ক্যামেরা। সবার আনাগোণা, চলাচল মুহূর্তেই রেকর্ড হয়ে যাচ্ছে তাতে।

প্রসঙ্গত, ধর্মপ্রচারকারী সংগঠন তবলিগ জামাত সেই ১৯৬৬ সাল থেকে প্রতিবছর আয়োজন করে থাকে বিশ্ব ইজতেমার। এবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫ লাখ মুসুল্লী এতে অংশ নিচ্ছেন। এরই মধ্যে অনেকে এসে পৌঁছেছেন তুরাগের তীরে, অনেকেই আসছেন। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমার আনুষ্ঠানিকতা।