বরিশাল রুটের ৩টি লঞ্চের বিরুদ্ধে মামলা
ঢাকা--বরিশাল নৌপথের লঞ্চযাত্রীদের খাবার অনুপযুক্ত পানি সরবরাহের অভিযোগে তিনটি লঞ্চের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের হয়েছে।
বরিশাল আমলি আদালতে পরিবেশ অধিদপ্তর বরিশালের উপ--পরিচালক কায়সার আহমেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় সংশ্লিষ্ট লঞ্চগুলোর মাস্টার ও ক্যান্টিন মালিকদের আসামী করা হয়।
বরিশাল পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ২১ জানুয়ারি তারা পারাবত কোম্পানির তিনটি লঞ্চ থেকে খাবার পানির নমুনা সংগ্রহ করেন।
পরীক্ষাগারে এই নমুনা পরীক্ষার সময় পারাবত--৮ লঞ্চের ২য় তলার মাস্টারের রুমের ট্যাংক থেকে সংগৃহীত পানিতে ২০টি এবং ক্যান্টিনের পানিতে ৪০টি ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া যায়।
একইভাবে, পারাবত-- ৯ লঞ্চের মাস্টারের কেবিনের পানিতে ৫০টি, ক্যান্টিনের পানিতে ২০টি এবং পারাবত-- ৭ লঞ্চের মাস্টারের কেবিন থেকে সংগৃহীত পানিতে ২০টি ও ক্যান্টিনের পানিতে ৩০টি ব্যাকটেরিয়ার পাওয়া যায়।
এ ব্যাপারে বিআইডব্লিটিএ এর বন্দর কর্মকর্তা সাইফুল ইসলাম জনান, তারা লঞ্চে বিশুদ্ধ পানি সরবরাহ করেন। তবে লঞ্চের ট্যাংক ময়লা থাকায় সে পানি পানের অযোগ্য হয়ে পড়ে।
পরিবেশ অধিদপ্তরের উপ--পরিচালক কায়সার আহমেদ বলেন, ব্যাকটেরিয়াযুক্ত পানি বিষাক্ত। এটি পান করে যাত্রীরা পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছে। পর্যায়ক্রমে সব লঞ্চেই অভিযান চলবে বলে তিনি জানান।
