বাগেরহাট, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাকৃতিক দুর্যোগে প্রাণ ও সম্পদহানি প্রতিরোধে অবাধ তথ্য প্রবাহ এবং দুর্যোগ পরবর্তী উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সমন্বয় প্রযোজন।
বাগেরহাটে সোমবার 'দুর্যোগ ঝুঁকি প্রশমনে কার্যকর তথ্য প্রবাহের অনুসন্ধান' বিষয়ক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
তারা বলেন, সিডর আঘাত হানার আগে বাগেরহাটের গ্রামীণ ও উপকূলীয় জনবসতিতে অবহিতকরণ ও সচেতনতামূলক প্রচার প্রচারণা যথেষ্ট ছিল না। ফলে অনেক মানুষ সিডরের ভয়াবহ রূপ সম্পর্কে তথ্য পায়নি এবং আশ্রয় কেন্দ্রেও আসতে পারেনি। আবার সিডর আঘাত হানার পর বাগেরহাটের দুর্গত এলাকায় সমন্বিত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়নি। দুর্যোগ পরবর্তী সময়ে একমাত্র জরুরি স্বাস্থসেবা প্রদানকারী দলগুলো ভাল কাজ করেছে এবং ত্রাণ বিতরণে সেনাবাহিনী প্রশংসনীয় ভূমিকা রেখেছে।
সেমিনারে অভিযোগ করা হয়, দুর্যোগের পরে জেলার বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্বশীল ব্যাক্তিদের সমন্বয়ে আরও কার্যকর উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করার সুযোগ ছিল। এর ফলে সংশ্লিষ্ট বিষয়ে তথ্য প্রবাহ, কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা সুনিশ্চিত করা যেত। কিন্তু স্থানীয় প্রশাসন সেই উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে।
গণমাধ্যম, সাংবাদিকতা ও তথ্য প্রবাহ নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) আয়োজিত এই সেমিনারের প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. সহিদুল ইসলাম।
বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক এবিএম মোশাররফ হুসাঈনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট সেনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কমাণ্ডিং অফিসার মেজর শাহীনুল হক এবং বেসরকারি সংগঠন রূপান্তরের পরিচালক রফিকুল ইসলাম খোকন। মুখ্য সঞ্চালক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শামীম রেজা।
প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাটের জেলা প্রশাসক বলেন, "দুর্যোগ ঝুঁকি প্রশমনে তৃণমূল পর্যায়ের মানুষের পাশাপাশি জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা কর্মচারিসহ সংশ্লিষ্টদের কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা প্রয়োজন।"
বিশেষ অতিথি রফিকুল ইসলাম খোকন ভারত, থাইল্যাণ্ড, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নেয়া স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, "দুর্গত এলাকায় পরিচালিত সব ধরণের কার্যক্রমের তথ্য উন্মুক্ত ও সহজলভ্য থাকা এবং দুর্গত এলাকার পুনর্বসন কর্মকাণ্ডে মানুষের মতামতকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।"
তিনি বলেন, ত্রাণ বিতরণকারীর সিদ্ধান্তকে অগ্রাধিকার না দিয়ে বরং ত্রাণ গ্রহণকারীকে সিদ্ধান্ত নিতে দেয়া প্রয়োজন যে তিন ত্রাণ নিতে প্রস্তুত কি না।
অন্যান্যের বক্তব্য রাখেন সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, কৃষি বিভাগের উপ-পরিচালক হীরালাল ধর, জেলা তথ্য কর্মকর্তা আহসান কবীর, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলী বাবু, রেড ক্রিসেন্ট বাগেরহাট ইউনিটের সম্পাদক দিদারুল আলম বাবুল, জেলা স্কাউটস্ কমিশনার অধ্যাপক বুলবুল কবীর, সিডর দুর্গত শরণখোলার সাবেক উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, সাউথখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসমাঈল হোসেন খলিফা, মোরেলগঞ্জের জিউধরা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম স্বপন, ফকিরহাটের বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাস, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল সরদার প্রমূখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৫ ঘ.
bdnews24