২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার কমিশনের অধ্যাদেশে লিঙ্গ ভারসাম্য নেই: সংবাদ সম্মেলনে অভিযোগ

জাতীয় মানবাধিকার কমিশন গঠন সংক্রান্তঅধ্যাদেশে লিঙ্গ ভারসাম্য বজায় রাখা হয়নি বলে অভিযোগ করেছেন আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 03:26 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় মানবাধিকার কমিশন গঠন সংক্রান্তঅধ্যাদেশে লিঙ্গ ভারসাম্য বজায় রাখা হয়নি বলে অভিযোগ করেছেন আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কর্মকর্তারা। গত ৯ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে 'জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০০৭' অনুমোদন করা হয়। আগামী বছরের প্রথম দিকেই এ কমিশন গঠনের সম্ভাবনা রয়েছে। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আসক ও টিআইবি'র যৌথ সংবাদ সম্মেলনে বক্তারা লিঙ্গ বৈষম্য দূর করে কমিশনে অন্তত একজন নারী সদস্য অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন। এছাড়া, আরও ছয়টি সুপারিশও করা হয় সংস্থা দুটির পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আসক এর কর্মকর্তা সাঈদ আহমেদ। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আসক এর নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও ব্লাস্ট'র নির্বাহী পরিচালক তসলিমুর রহমান। সুলতানা কামাল বলেন, "অধ্যাদেশে মানবাধিকারকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে তা পরিপূর্ণ নয়। এতে মানুষের পূর্ণাঙ্গ বিকাশের স্বার্থে প্রয়োজনীয় নাগরিক, রাজনৈতিক, সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয় বাদ দেওয়া হয়েছে। মানবাধিকারের জন্য রাষ্ট্রীয় আইন সংশোধন ও পরিবর্তনের যে আন্তর্জাতিক বাধ্যবাধকতা রয়েছে, তার সঙ্গেও এ সংজ্ঞা অসঙ্গতিপূর্ণ।" তিনি অধ্যাদেশে মানবাধিকারের পূর্ণাঙ্গ সংজ্ঞা অন্তর্ভুক্তির দাবি জানান। সাবেক উপদেষ্টা বলেন, কমিশনের সদস্য বাছাই কমিটির ছয়জন সদস্যের মধ্যে আপিল বিভাগের একজন বিচারপতি ছাড়া বাকি সবাই নির্বাহী বিভাগের কর্মকর্তা। সেখানে সংসদের কোনো প্রতিনিধিত্ব নেই। এছাড়া, কমিটিতে নাগরিক সমাজ, আইনজীবী সমিতি, সংবাদ মাধ্যম, শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মীদের প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন। প্রসঙ্গত অনুমোদিত অধ্যাদেশ অনুযায়ী তিন সদস্যের কমিশনে একজন চেয়ারম্যান ও দু'জন সদস্য থাকবেন। চেয়ারম্যান হবেন কমিশনের প্রধান নির্বাহী। এদের নির্বাচনের জন্য ছয় সদস্যের বাছাই কমিটি করা হয়েছে। ওই কমিটিতে প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারক ছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, অ্যাটর্র্নি জেনারেল, কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনারেল, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও আইন সচিবকে সদস্য করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দেবেন। তিন সদস্যের মধ্যে একজন সুুপ্রিম কোর্টের কর্মরত বিচারপতি বা অবসরপ্রাপ্ত বিচারপতি হবেন বলে অধ্যাদেশে বিধান রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/