চট্টগ্রাম, ডিসেম্বর ৩০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পরিচয়পত্র প্রকল্পের আওতায় চট্টগ্রাম জেরার সব কটি উপজেলায় নির্বাচন কার্যালয়ে স্থায়ীভাবে একজন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেয়ার প্রস্তুতি শুরু হয়েছে। কমিশন সচিবালয় এ সংক্রান্ত একটি চিঠি জেলা নির্বাচন কার্যালয়ে পাঠিয়েছে।
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, চিঠি পাওয়ার পরিপ্রেক্ষিতে জেলার প্রতিটি উপজেলায় ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। কমিটিতে প্রতিনিধি দিতে জেলা প্রশাসক ও সেনাবাহিনীকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়।
তিনি জানান, প্রতিটি উপজেলায় পাঁচ সদস্যের ডাটা এন্ট্রি অপারেটরদের একটি প্যানেল করা হবে। সেখান থেকে নির্বাচন কমিশন একজনকে নিয়োগ দেবে।
দুলাল তালুকদার জানান, বর্তমানে ভোটার তালিকার ক্ষেত্রে যেসব ডাটা এন্ট্রি অপারেটর কাজ করছেন তাদের মধ্য থেকে অপারেটর নিয়োগ করা হবে। তবে অপারেটরদের শিক্ষাগত যোগ্যতাসহ বিস্তারিত বিষয়গুলো এখনও জানানো হয়নি।
তিনি জানান, বিস্তারিত দিক নির্দেশনা পেলে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগের অন্যান্য প্রক্রিয়া শুরু করা হবে।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ে ভোটার তালিকা তৈরির কাজ শেষ হলে বছর জুড়ে যাতে ভোটার তালিকা হাল নাগাদ করা যায় সেজন্য প্রতিটি উপজেলা নির্বাচন কার্যালয়ে এসব স্থায়ী অপারেটর নিয়োগ দেয়া হবে। প্রতিটি উপজেলায় স্থাপিত সার্ভার রক্ষণাবেবক্ষণ এবং অন্যান্য কার্যক্রমের সঙ্গে তাদের যুক্ত করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাতীয় পরিচয়পত্র প্রকল্পের আওতায় এসব ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেয়া হবে। এ প্রকল্পে প্রতিটি উপজেলায় একজন অপারেটরের পদ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে নিয়োগ শুরুর প্রাথমিক পদক্ষেপ নিতে বলেছে নির্বাচন কমিশন সচিবালয়।
নির্বাচন কমিশনের সিনিয়র সহকারি সচিব (নির্বাচন-১) ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত এক চিঠিতে প্রতিটি জেলায় ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের জন্য চার সদেেস্যর একটি কমিটি গঠনের জন্য বলা হয়েছে বলে জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে। গত ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ চিঠি পাঠানো হয়।
বিভাগীয় উপনির্বাচন কমিশনারকে আহবায়ক করে এবং জেলা নির্বাচন কর্মকর্তাকে সদস্য সচিব করে চার সদস্যের একটি কমিটি গঠন করার কথা বলা হয়েছে এই চিঠিতে। কমিটির বাকি দুই সদস্য হবেন জেলা প্রশাসক এবং সেনাবাহিনীর একজন করে প্রতিনিধি।
সূত্র জানায়, এই কমিটি বর্তমানে প্রতিটি উপজেলায় কর্মরত অপারেটরদের মধ্য থেকে ৫ জনকে বাছাই করার পর একটি প্যানেল তৈরি করে সেটা নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৯৪৯ ঘ.
bdnews24