চট্টগ্রাম, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পুলিশের প্রতি জনগণের নেতিবাচক দৃষ্টিভঙ্গী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় বাধা বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের নতুন দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) একেএম শহীদুল হক।
রোববার সকালে চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, "জনগণের সর্বাত্মক সহযোগিতা পেলে খুব দ্রুতই চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে।"
ডিআইজি বলেন, পুলিশের মধ্যে 'সেন্স অব সিকিউরিটি' জাগলে মানুষ সহযোগিতা করবে। অন্যথায় জনবান্ধব কাজ করা সম্ভব নয়। এ লক্ষ্যে প্রতিটি জেলার পুলিশ সুপারদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
চট্টগ্রামের কোন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া বা অন্যায় কাজে জড়িত থাকার অভিযোগ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
ভবিষ্যতে মিথ্যা মামলা এবং বাদীর হয়রানি বন্ধ করতে প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেয়া হবে বলেও জানান ডিআইজি।
গত এক বছরে চট্টগ্রামে ৬০০ ডাকাত গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে পুলিশ সুপার কামরুল হাসান বলেন, পুলিশের অতিরিক্ত নজরদারির কারণে জেলায় আগের তুলনায় ডাকাতি অনেক কমে গেছে। সীমিত লোকবল সত্ত্বেও স্থানীয় জনগণের সহায়তায় পরিস্থিতির উন্নতি হয়েছে বলে তিনি জানান।
এসময় অতিরিক্ত ডিআইজি মনজুর কাদের খান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কামরুল হাসান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমএসবি/১৯০৬ ঘ.
bdnews24