২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানালেন অনাবাসীরা

দুর্নীতিবাজদের পাশাপাশি যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছেন যুক্তরাষ্টের অনাবাসী বাংলাদেশীরা। একইসঙ্গে তারা দেশের জরুরী অবস্থা প্রত্যাহার এবং প্রবাসীদের ভোটাধিকার ও জাতীয় সংসদে তাদের স্বার্থ সংরক্ষণের জন্য প্রতিনিধি রাখার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। রোববার ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 09:56 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতিবাজদের পাশাপাশি যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছেন যুক্তরাষ্টের অনাবাসী বাংলাদেশীরা। একইসঙ্গে তারা দেশের জরুরী অবস্থা প্রত্যাহার এবং প্রবাসীদের ভোটাধিকার ও জাতীয় সংসদে তাদের স্বার্থ সংরক্ষণের জন্য প্রতিনিধি রাখার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। রোববার ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। তারা দাবি করেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৭০ লাখ প্রবাসী বাংলাদেশী বসবাস করেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ বিপুলসংখ্যক প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এছাড়া জাতীয় সংসদে যাতে তাদের প্রতিনিধি থাকে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সরকার যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে তাকে স্বাগত জানান তারা। তবে দুর্নীতিবাজদের পাশাপাশি যুদ্ধাপরাধীরাও যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেবার দাবী জানিয়েছেন অনাবাসীরা। ২০২০ সালের মধ্যে উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে হলে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি খাতে ব্যাপক সংস্কার করতে হবে বলেও তারা মত প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বিশিষ্ট বিজ্ঞানী ড.নুরুন্নবী, জয়নাল আবেদীন, ড.আব্দুল মোমেন, মনির হোসেন লিটন প্রমুখ। এক প্রশ্নের উত্তরে ড. নুরুন্নবী বলেন, "সদ্য সমাপ্ত অনাবাসী বাংলাদেশী সম্মেলনে যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রায় ২০০ অনাবাসী বাংলাদেশী প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।" অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "সরকার বা অন্য কারও সহযোগিতায় নয়, আমরা নিজেদের খরচেই এ সম্মেলন করেছি। বাংলাদেশের উন্নয়নের ধারায় আমরা নিজেদের সম্পৃক্ত করতে চাই।" বিডিনিউজ টোয়োন্টফোর ডটকম/এসআরডি/এমএ/১৫৪৪ঘ.