২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী সংগঠনের সঙ্গে জড়িত থাকায় স্ত্রীর বিরুদ্ধে থানায় স্বামীর অভিযোগ

বরিশালের উজিরপুর উপজেলায় ইসলামপন্থী সংগঠন 'হিযবুদ তৌহিদ' এর সঙ্গে জড়িত থাকায় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন স্বামী। উপজেলার ইসলাদী গ্রামের জনৈক আলাউদ্দিন তার স্ত্রী সাবিনা বেগমের (৩৫) বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 09:13 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

বরিশাল, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুর উপজেলায় ইসলামপন্থী সংগঠন 'হিযবুদ তৌহিদ' এর সঙ্গে জড়িত থাকায় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন স্বামী। উপজেলার ইসলাদী গ্রামের জনৈক আলাউদ্দিন তার স্ত্রী সাবিনা বেগমের (৩৫) বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। রোববার ঘটনার সত্যতা স্বীকার করে উজিরপুর থানার উপ-পরিদর্শক (এস আই) পরিমল কুমার মিত্র বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি নিশ্চিত হবার জন্য দম্পতিকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আলাউদ্দিন স্থানীয় সাংবাদিকদের জানান, দীর্ঘ দিন ধরে তার স্ত্রী সাবিনা উগ্রপন্থী ইসলামী সংগঠন 'হিযবুদ তৌহিদ' এর সক্রিয় সদস্য হয়ে কাজ করছেন। দিনে নয়, রাতের আঁধারে তাদের কর্মকান্ড পরিচালিত হওয়ায় তার সন্দেহ হয়। তিনি জানান, তার স্ত্রী অজ্ঞাত পরিচয় মহিলাদের সঙ্গে প্রায় বাড়ি থেকে বেরিয়ে যান। কোথায় যান তিনি জানেন না। আলাউদ্দিনকে স্ত্রীকে বাড়ীতে বসে রোজা-নামাজ আদায়ের জন্য তিনি পরামর্শ দিয়েছেন। তবে তার কথা অগ্রাহ্য করে স্ত্রী সংগঠনের কাজে প্রায় বাড়ি থেকে উধাও হয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত স্ত্রীর বিরুদ্ধে উজিরপুর থানায় অভিযোগ করেন বলে জানান তিনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম'কে বলেন, ইসলামী সংগঠন "হিযবুদ তৌহিদ" বাংলাদেশে নিষিদ্ধ নয়। সংগঠনের সঙ্গে সাবিনা বেগম জড়িত রয়েছেন বলে তিনি স্বীকার করেছেন। এ ব্যাপারে আলাউদ্দিন দম্পতিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের ব্যাপারে এখন কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫০৭ ঘ.