চট্টগ্রাম, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে চালের বাজার ফের অস্থিতিশীল হয়ে পড়েছে। বিগত দুই সপ্তাহে আমদানি ও খুচরা উভয় বাজারে বেড়েছে চালের দাম। খাতুনগঞ্জ ও চাক্তাই বাজারের চাল আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন সপ্তাহে প্রকার ভেদে চালের দাম কেজি প্রতি বেড়েছে আড়াই থেকে তিন টাকা।
কৃষি বিপণন অধিদপ্তরের হিসেবে চট্টগ্রাম মহানগরীর খুচরা বাজারে এক মাসে চালের দাম বেড়েছে ১২ দশমিক ২৪ শতাংশ। শনিবার অধিদপ্তরের দেয়া হিসেবে বলা হয়, খুচরা বাজারে মোটা চাল প্রতিকেজি ২৭ থেকে ২৮ টাকায় বিক্রি হয়েছে।
আমদানিকারকরা জানান, আন্তজার্তিক বাজারে চালের দাম বাড়ার কারণে স্থানীয় বাজারও অস্থিতিশীল হয়ে উঠেছে। তারা এ মূল্যবৃদ্ধিকে লাগামহীন বলে বর্ণনা করেছেন।
চাক্তাই ধান চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এ সপ্তাহে দুই মণের (৭৪ কেজি ৬৪০ গ্রাম) প্রতি বস্তা চালের দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা।
তিনি জানান, আগামী দুই একদিনের মধ্যে চালের দাম আরও বাড়তে পারে বলে ভারতীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। তারা জানিয়েছেন দুই/একদিনের মধ্যে ভারত থেকে চাল আমদানি করতে হলে টন প্রতি ৫০০ ডলার দরে কিনতে হবে। বর্তমানে এ দর ৪২০ থেকে ৪২৫ ডলার।
তিনি জানান, গত সপ্তাহে প্রতি দুই মণ বেতি আতপ চাল বিক্রি হয়েছে ১৯৫০ টাকায়। এ হিসাবে কেজি প্রতি পাইকারী বাজারে চালের দাম ছিল সাড়ে ২৫ টাকা। আর এ সপ্তাহে একই চালের দাম বেড়ে হয়েছে বস্তা প্রতি ২১০০ টাকা। অর্থাৎ কেজি প্রতি প্রায় ২৮ টাকা।
তিনি জানান, সিদ্ধ বেতি ও স্বর্ণা চালও এই দরে বিক্রি হয়েছে।
ওমর আজম বলেন, "শুধু আন্তজার্তিক বাজারে দাম বৃদ্ধিই নয় দেশের বাজারে নতুন ধান না আসার প্রভাবেও চালের দাম বৃদ্ধি পাচ্ছে। নতুন ধান উঠলেও তা পাইকারী বাজারে আসছে না। এলাকাভিত্তিক সেগুলো সংগ্রহ ও বিক্রি হয়ে যাওয়ায় খুচরা বাজারে তার প্রভাব তেমন পড়ছে না।"
খাতুনগঞ্জের ব্যবসায়ী জানে আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পাইকারী বাজারে মোটা চাল কেজি প্রতি একটাকা করে বেড়েছে। আর উন্নতমানে চিকন চাল দুই মণের প্রতি বস্তা ১৯০০ থেকে বেড়ে ২০০০ টাকা হয়েছে।
তিনি জানান, ভারতীয় চাল বাংলাদেশের চালের বাজার নিয়ন্ত্রণ করে। সেখানকার বাজার স্থিতিশীল না হলে এখানে চালের দাম আরও বাড়তে পারে। এ সপ্তাহে ভারতীয় ব্যবসায়ীরা টন প্রতি ৫০০ ডলারের নিচে চাল রপ্তানি করবে না বলে জানিয়ে দিয়েছেন। এটি কার্যকর হলে বাংলাদেশে চালের দাম আরও বেড়ে যাবে।
চট্টগ্রামের অপর এক আমদানিকারক আলম গ্র"প অব কোম্পানির চেয়ারম্যান এম এস আলম জানান, ভারতীয় বাজারের লাগামহীন অবস্থার কারণেই চালের দামের এই অস্থিতিশীলতা। ভারতের বাজার নিয়ন্ত্রণে না এলে এটা সহজে ঠিক হবে না।
তিনি জানান, ভিয়েতনাম, পাকিস্তান ও থাইল্যান্ড থেকে চাল আমদানি অনেক আগেই কমে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক আমদানিকারক জানান, সরকার কূটনৈতিক পর্যায়ে বিষয়টির সুরাহা না করলে চালের বাজার আরও নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে।
তিনি বর্তমান অবস্থাকে সাংঘাতিক উল্লেখ করে বলেন, "এক সপ্তাহের ব্যবধানে মণ প্রতি চালের দাম প্রকারভেদে ৭০ থেকে ৯০ টাকা বেড়ে যাওয়া খুব ভালো সংকেত নয়।"
ভারত সরকারের বেসরকারি মাধ্যমে চাল আমদানি বন্ধের সিদ্ধান্তও চালের বাজারে প্রভাব ফেলেছে বলেও তিনি উল্লেখ করেন।
আমদানিকারক সূত্রে জানা যায়, অন্যান্য চালের মত সিদ্ধ মোটা চালের দামও বেড়েছে মণ প্রতি ৩০ থেকে ৪০ টাকা। গত সপ্তাহে মোটা চালের দাম ছিল প্রতি বস্তা (৫০ কেজি) ১৩০০ টাকা। শনিবার তা বেড়ে গেছে।
পাইকারী বাজারের সরাসরি প্রভাব পড়ছে খুচরা বাজারে। নগরীর সবগুলো বাজারের দোকানে চালের দাম বেড়েছে তিন থেকে চার টাকা।
সরকারি মাধ্যমে আমদানি করা চাল এবং নতুন চাল বাজারে এলে দাম কিছুটা সহনীয় হতে পারে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০৩৮ ঘ.
bdnews24