২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট খাটো দুর্নীতিবাজরা সাজা পেলেও শীর্ষরা পরিত্রাণের চেষ্টা করছে : ড. কোরেশী।

সরকারের দুর্নীতিবিরোধী অভিযানে প্রকাশিত তথ্যের ভিত্তিতে 'ছোট খাটো' দুর্নীতিবাজ ও অপরাধীরা দীর্ঘমেয়াদী সাজা পেলেও শীর্ষ দুর্নীতিবাজরা প্রতিপত্তির জোরে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) আহ্বায়ক ফেরদৌস আহমদ কোরেশী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2007, 12:59 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের দুর্নীতিবিরোধী অভিযানে প্রকাশিত তথ্যের ভিত্তিতে 'ছোট খাটো' দুর্নীতিবাজ ও অপরাধীরা দীর্ঘমেয়াদী সাজা পেলেও শীর্ষ দুর্নীতিবাজরা প্রতিপত্তির জোরে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) আহ্বায়ক ফেরদৌস আহমদ কোরেশী। শনিবার দলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোরেশী বলেন, "বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের শীর্ষ দুর্নীতিবাজদের দুর্নীতির যে তথ্য জনসমক্ষে প্রকাশ হয়েছে, সেসব বড় বড় দুর্নীতির মামলাগুলো অজ্ঞাত কারণে পেছনে চলে যাচ্ছে।" কোরেশী বলেন, অন্যদিকে ছোটোখাটো দুর্নীতি ও অপরাধে দ্রুত বিচার হয়ে অনেকেরই দীর্ঘমেয়াদী সাজা হচ্ছে। এতে জনমনে এ ধারণা হয়েছে যে, রাঘব বোয়ালরা দুর্নীতিলব্ধ সম্পদের জোরে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছে। পিডিপি নেতা দুর্নীতিবাজদের ছাড় দেয়ার জন্য ট্রুথ কমিশন গঠনের সরকারি উদ্যোগের বিরোধিতা করে বলেন, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ অথবা রাষ্ট্রের জন্য ক্ষতিকর চুক্তি স্বাক্ষরের দায় থেকে কাউকে মুক্তি দেয়া যাবে না। তিনি বলেন, শীর্ষ দুর্নীতিবাজদের ছাড় দেয়ার জন্য ট্রুথ কমিশন গঠন করা হবে অত্যন্ত দুঃখজনক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৮৩৯ঘ.