চট্টগ্রাম, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জীবনের শুরুর দিককার সোনালী সময়কে আরেকবার ছুঁয়ে দেখার ব্যাকুলতায় ডা. খাস্তগীর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা শুক্রবার সকালে মিলিত হয়েছিলেন শত বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা কেউ পৌঁছেছেন জীবন সায়াহ্নে কেউবা এখনও জীবনের কঠিন সংগ্রামে রত। শত ব্যস্ততার মাঝেও তারা 'নিজেদের হারায়ে খুঁজতে' হাজির হয়েছিলেন বিদ্যালয়ের সেই পুরনো আঙিনায়। বীরকন্যা প্রীতিলতাসহ অনেক মনীষীর স্মৃতিধন্য ঐতিহ্যবাহী এ স্কুলের শত বর্ষপূর্তি অনুষ্ঠানে আড্ডা, আলোচনা, স্মৃতিচারণ ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে পরিণত হয় মহা মিলনমেলায়।
দেশের বিভিন্ন স্থান থেকে আসা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ছাড়াও বর্তমান ছাত্রীদের মিলন মেলায় কোলাহলমুখর হয়ে ওঠে নগরীর জামালখান মোড়ে অবস্থিত এ অঞ্চলের অন্যতম প্রাচীন এ বিদ্যালয় প্রাঙ্গন। পুরনোরা বিদ্যালয় প্রাঙ্গণে পা রেখেই স্কুলের সেই ভবন, খেলার মাঠ দেখে ফিরে যান সেই সোনালী সময়ে, যেখানে জীবনে প্রতিষ্ঠার প্রথম ভিত রচিত হয়েছিল। আর নতুনরা প্রতিষ্ঠিত পুরনোদের সঙ্গে একাত্ম হয়ে যেন নিজেদের ভবিষ্যৎ জীবনের প্রেরণা খুঁজে নিচ্ছিল।
১৯০৭ সালে যাত্রামোহন সেন নারী শিক্ষার প্রসারে প্রতিষ্ঠা করেন চট্টগ্রামের প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান। তার শ্বশুর ডা. অন্নদা চরণ খাস্তগীরের নামানুসারে প্রতিষ্ঠা করেন ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়। পরে যা সরকারিকরণ হয়। ধীরে ধীরে এ বিদ্যালয় পরিণত হয় চট্টগ্রাম তথা দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠে।
এ বিদ্যালয়ে পড়ালেখা করেছেন বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দাদার, ব্রিটিশ বিরোধী আন্দোলনের কর্মী কল্পনা দত্ত, নিবেদিতা নাগ, বিশিষ্ট লেখিকা মৈত্রেয়ী দেবী, লেখক ও নারী নেত্রী উমরতুল ফজল, ভাষাসৈনিক জওশন আরা রহমান, রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরী, ভাস্কর নভেরা আহমেদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডা. সুফিয়া রহমান, প্রয়াত রাজনীতিবিদ আইভী রহমান, লেখিকা ফাহমিদা আমিন, তালেয়া রহমান, দেশের প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল ডা. সুরাইয়া রহমানসহ আরও অনেক প্রথিতযশা নারী ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে ১৯৪৩ সালে এ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন করা এবং পরবর্তীতে প্রধান শিক্ষক বেগম বদরুন্নেসার মত প্রবীণদের সঙ্গে স্কুলের দশম শ্রেণীর ছাত্রী সাদিয়া, সাইমা, তাহমিনারাও ছিলেন সমান উচ্ছ্বল। স্মৃতিচারণের সময় তারা সবাই নষ্টালজিক হয়ে ওঠেন।
ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে 'শতবর্ষ উদযাপন কমিটি' দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার সকালে বিদ্যালয়ের মাঠে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ' আনন্দলোকে মঙ্গলালোকে...' সঙ্গীত ও নৃত্যের মধ্য দিয়ে দুদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন হয়।
উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ডা. সুফিয়া রহমান বলেন, "বর্তমানে শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের সম্মান কমে গেছে বলে দেশে ব্যাপক অবক্ষয় হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক মধুর হলে তা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক।
তিনি বলেন, খাস্তগীর স্কুলের প্রতিষ্ঠা চট্টগ্রামসহ সারাদেশের নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই বিদ্যালয়ে পড়তে পেরে আমি গর্বিত।
বিশেষ অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. সুরাইয়া রহমান বলেন, "নারীরা প্রশাসনসহ গুরুত্বপূর্ণ স্থানে ছেলেদের সমানতালে কাজ করে যাচ্ছে। কারো হাত ধরে নয় নিজেদের প্রয়োজনেই নারীদের এগিয়ে আসতে হবে।"
বর্তমানে শিক্ষা ক্ষেত্রে যে বাণিজ্যিকীকরণ ও নৈরাজ্য চলছে তা দূর করতে সরকারের প্রতি আহবান জানান তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসমত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারী নেত্রী মালেকা বেগম, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মো. ইউসুফ, ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আফরোজা মোয়াজ্জেম, নারীনেত্রী নুরজাহান খান। স্বাগত বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি সুরমা চৌধুরী।
আলোচনা শেষে শতবর্ষের কেক কাটেন অনুষ্ঠানে উপস্থিত সবচেয়ে প্রবীণ প্রাক্তন শিক্ষার্থী বেগম বদরুন্নেসা।
বিকালে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। এর পর হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৮২২ ঘ.
bdnews24