খুলনা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালিশপুর থানার উত্তর কাশিমপুর এলাকায় শুক্রবার রাস্তার পাশ থেকে চারটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোহরাব হোসেন (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জে একটি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খালিশপুর থানার উপপরিদর্শক এনামুল হক জানান, গোপনে খবর পেয়ে পুলিশ এসওএস ক্রস রোডে রবিউলের চায়ের দোকানের পাশে তল্লাশী চালিয়ে লাল টেপ দিয়ে মোড়া বোমাগুলো উদ্ধার করে। বোমাগুলো একটি ব্যাগের ভিতর ভুষির মধ্যে রাখা ছিল।
পরে থানায় এনে পানিতে রেখে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয় বলে তিনি জানান।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি পুলিশের বরাত দিয়ে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মহিদুল ইসলাম (২৭)। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর মহল্লার জিল্লুর রহমানের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, সহিদুল ইসলামের কাছে শহরের দুর্গাপুরের কিছু লোক টাকায় পেতেন। বিদেশে লোক পাঠানোর কথা বলে তিনি ওই টাকা নিয়েছেন বলে তারা দাবি করেছেন। সকাল ১১ টার দিকে রাজশাহী গোদাগাড়ি উপজেলা থেকে ফেরার পথে টাকার জন্য পাওনাদাররা তাকে আটক করেন। এ সময় সহিদুল পিস্তল বের করে তাদের ভয় দেখালে স্থানীয় লোকজন তাকে আটক করে থানায় খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার কাছ থেকে একটি সাত রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার ও তার মোটর সাইকেল জব্দ করেছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫০ ঘ.
bdnews24